বুধবার দিবাগত রাতে ফুলহ্যামের মাঠ ক্রাভেন কটেজ স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হয়েছিল লিভারপুল। যেখানে ১-১ গোলে ড্র করেছে সফরকারীরা। এদিন অলরেডসদের হয়ে গোল করেন লুইস দিয়াজ আর ফুলহ্যামের হয়ে করেন ইসসা ডিওপ। এতে করে দুই লেগ মিলে ৩-২ ব্যবধানে এগিয়ে ফাইনাল নিশ্চিত করেছে আসরের ৯ বারের চ্যাম্পিয়নরা। যেখানে তাদের জন্য অপেক্ষা করছে আরেক ইংলিশ ক্লাব চেলসি।
এদিন প্রতিপক্ষের মাঠে ম্যাচের একাদশ মিনিটেই লুইস দিয়াজের দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় লিভারপুল। মাঝমাঠ থেকে তরুণ সেন্টারব্যাক জ্যারেল কুয়ানসার বাড়ানো বল ফুলহ্যামের একজনের বাধার মুখে বুক দিয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে প্রতিপক্ষের আরো দুজনের চ্যালেঞ্জ সামলে ডান পায়ের দুর্দান্ত শটে কাছের পোস্ট দিয়ে বল জালে জড়ান দিয়াজ।
.png)
দুই লেগ মিলে দুই গোলে পিছিয়ে পড়েও আত্মবিশ্বাসে বলীয়ান ছিল ফুলহ্যাম। যদিও বল দখলে লিভারপুল কিছুটা এগিয়ে ছিল তবুও সমানভাবে পাল্টা আক্রমণে উঠছিল স্বাগতিকরাও।
আক্রমণ পাল্টা আক্রমণের ফলে ৭৭তম মিনিটে ম্যাচে সমতা টানে ফুলহ্যাম। বাঁ দিক দিয়ে সতীর্থের একটু উঁচু করে বাড়ানো বল ছয় গজ বক্সে পেয়ে হাঁটু দিয়ে জালে পাঠান ফরাসি ডিফেন্ডার জিওপ। এতে করে ম্যাচ জমে উঠে। নতুন করে জয়ের আশা জাগে ফুলহ্যামের। যদিও শেষ পর্যন্ত আর পেরে উঠেনি তারা। এতে করে ১-১ গোলেই ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় লিভারপুল ও ফুলহ্যামকে। এই নিয়ে ১৪তম বারের মতো লিগ কাপের ফাইনালে উঠল লিভারপুল।
শিরোপার লড়াইয়ে আগামী ২৫ জানুয়ারি ওয়েম্বলি স্টেডিয়ামে মুখোমুখি হবে লিভারপুল-চেলসি।