ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৪

শোয়েবের ফিক্সিং ইস্যু, যা বললেন বরিশালের মালিক

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২৫, ২৬ জানুয়ারি ২০২৪
শোয়েবের ফিক্সিং ইস্যু, যা বললেন বরিশালের মালিক
ফাইল ছবি

ব্যক্তিগত জীবন নিয়ে সম্প্রতি বেশ আলোচনায় শোয়েব মালিক। অবশ্য এতো আলোচনার মাঝে পাকিস্তানের সাবেক অধিনায়ক ছিলেন বাংলাদেশে। ফরচুন বরিশালের হয়ে বিপিএলের দশম আসর খেলতে এসেছিলেন এই অলরাউন্ডার। তবে মাত্র তিন ম্যাচ খেলেই নিজ দেশে উড়াল দিয়েছেন তিনি। 

চলমান বিপিএলে আর খেলবেন না শোয়েব। দুবাই যাওয়ার আগে বড়সড় এক গুঞ্জনের জন্ম দিয়ে গেছেন তিনি। ঢাকা পর্বে খুলনা টাইগার্সের বিপক্ষে বরিশালের হয়ে এক ওভারে তিনটি নো বল করেছিলেন এই অলরাউন্ডার। একজন স্পিনারের একই ওভারে তিনবার ওভার স্টেপিং খুব একটা দেখা যায় না। 

এ কারণে অনেকেই শোয়েবের এই ঘটনার সঙ্গে ফিক্সিংয়ের গন্ধ খোঁজার চেষ্টা করছেন। তবে এমন গুজব উড়িয়ে দিয়েছেন বরিশালের মালিক মিজানুর রহমান। এক ভিডিও বার্তায় এ বিষয়ে কথা বন্ধের আহ্বান জানান তিনি।

Advertisement

মিজানুর রহমান জানিয়েছেন, শোয়েব তার সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করেছেন। ক্রিকেটে খারাপ সময় যেতেই পারে। এই সময়ে দল শোয়েবের পাশেই আছে বলেও জানান তিনি। এমনকি এই পাকিস্তানি ক্রিকেটারকে ঘিরে নিয়ে এসব গুজব বন্ধের আহ্বান করেছেন মিজান।

শুক্রবার (২৬ জানুয়ারি) এক ভিডিও বার্তায় মিজান বলেন, ‘আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি ফরচুন বরিশালের সকল দর্শকদেরকে এবং সমর্থকদেরকে। শেষ কিছুদিন শোয়েব মালিককে নিয়ে অনেক কথা শুনেছি। আমি এটার (শোয়েব মালিককে নিয়ে ফিক্সিংয়ের গুঞ্জন) তীব্র প্রতিবাদ জানাচ্ছি। শোয়েব মালিক একজন ভালো খেলোয়াড় ও তার সর্বোচ্চটাই আমাদের দিয়েছেন।’

ফরচুন বরিশালের মালিক আরো বলেন, ‘এটা নিয়ে আমরা আর আলোচনা না করি। আমরা যেহেতু পরপর দুটো ম্যাচ হেরেছি, আমাদের উচিত আমাদের পরবর্তী ম্যাচগুলোর দিকে নজর দেওয়া। আমরা যেন ভালো খেলতে পারি এ জন্য আমি সবার কাছে দোয়া চাচ্ছি। আমরা যেন পরবর্তী ম্যাচ জিততে পারি এবং ফাইনাল খেলতে পারি। ধন্যবাদ ফরচুন বরিশালের সাথে থাকার জন্য।’

উল্লেখ্য, বরিশালের হয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে সেই ম্যাচে তিনটি নো বলসহ এক ওভারে ১৮ রান দেন শোয়েব। যার কারণে মাঠেই বিরক্তি প্রকাশ করতে দেখা যায় বরিশাল অধিনায়ক তামিম ইকবালকে। পরে শোয়েবকে আর বোলিংয়ে আনেনি তামিম। পরবর্তীতে তার নো বলের সেসব ডেলিভারির ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখান থেকেই মূলত গুজবের সৃষ্টি হয়।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!