এদিকে রংপুরের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানও চেনা ছন্দে নেই। যা দলটির জন্য বাড়তি চিন্তার। তবে নিজেকে ঝালিয়ে নিতে নেটে ঘাম ঝরাচ্ছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে নামবে রংপুর রাইডার্স। যেখানে তাদের প্রতিপক্ষ দুর্দান্ত ঢাকা। অথচ ৬ ঘণ্টার বেশি সময় আগে সিলেটে হাজির সাকিব।
.png)
চোখের চিকিৎসার কারণে এক দেশ থেকে আরেক দেশে ঘোরা সাকিব দেশে ফিরে বিপিএল খেলছেন বটে, তবে ব্যাটিংটা ঠিকঠাক হচ্ছে না। সেটি ঝালিয়ে নিতেই আজ ম্যাচের দিনও অনুশীলন করেন এই বাঁ-হাতি ক্রিকেটার।
সাকিব যে আজ সকালে অনুশীলন করবেন গতকাল তার ইঙ্গিত দেন রংপুরের হেড কোচ সোহেল ইসলাম, ‘কালকে কীভাবে অতিরিক্ত প্রস্তুতি নেয়া যায়। দ্রুত কীভাবে নিজে ভালো শেপে আসতে পারে সেই চেষ্টাই করছে সে।’
সিঙ্গাপুরে চিকিৎসার পর জানা গেছে, সাকিব বাঁ-চোখে এক্সট্রাফোভিয়্যাল সেন্ট্রাল সেরস কোরিওরেটিনোপ্যাথি সমস্যায় ভুগছেন। রেটিনার এ ধরনের সমস্যায় সাধারণত দেখতে অসুবিধা হয়।
সেজন্য ব্যাটিংটা ঠিকঠাক হচ্ছে না তার। গতকাল খুলনা টাইগার্সের বিপক্ষে আট নম্বরে নামেন তিনি। যেখানে ৪ বলে ২ রান করে আউট হন সাকিব। তার আউট থেকে আলোচনা বেশি আউটের ধরণ নিয়ে।
ব্যাটিং ঝালিয়ে নিতে সাকিব আজ নেটে প্রায় দেড় ঘণ্টা অনুশীলন করেন। যেখানে রংপুরের স্পিন বোলিং কোচ মোহাম্মদ রফিক উপস্থিত ছিলেন। সঙ্গে একজন সাইডআর্ম থ্রোয়ার ও একজন নেট বোলার বল করেন সাকিবকে। তবে এর মধ্যে সাকিবকে বোলিং করতে দেখা গেল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের লেগ স্পিনার রিশাদ হোসেনকে। রিশাদ দলীয় অনুশীলন এলেও সাকিব ডেকে নেন তাকে।
সাকিব আজ দুর্দান্ত ঢাকার বিপক্ষে রংপুরের হয়ে খেলবেন কি না এমন প্রশ্নের জবাবে রফিক বলেন, ‘সে (সাকিব) যদি না খেলে তাহলে আমাদের দলের সমস্যা হয়। আজ খেলবে। সে জন্যই প্রস্তুত হচ্ছে। এখন সমস্যাটা চোখের। আর ক্রিকেট তো চোখের খেলা। সেখানেই সাকিবের সমস্যা। দেশের মানুষ তো চায়, আশা করে সাকিব খেললে বড় কিছু করবে। কিন্তু যে চোখ দিয়ে খেলবে, সেই চোখে সমস্যা হলে কিভাবে খেলবেন।’