ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৪

ইস্টবেঙ্গলের জার্সিতে নেমেই সানজিদার ইতিহাস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৩৭, ৩০ জানুয়ারি ২০২৪
ইস্টবেঙ্গলের জার্সিতে নেমেই সানজিদার ইতিহাস
ছবি- সংগৃহীত

ক’দিন আগে ভারতে উড়ে গিয়েছিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের উইঙ্গার সানজিদা আক্তার। মূলত, ইস্টবেঙ্গলের হয়ে নারী ফুটবল লিগ খেলতেই সেখানে গিয়েছিলেন তিনি। দেশটিতে পৌঁছে অনুশীলনে ঘামও ঝরান। এবার ক্লাবটির জার্সিতে মাঠের খেলায় নেমে ইতিহাস গড়লেন বাংলাদেশ ফুটবলের এই পোস্টারগার্ল।

মঙ্গলবার ঘরের মাঠে স্পোর্টস ওড়িশার বিপক্ষে খেলেছে ইস্টবেঙ্গল। ম্যাচটিতে সানজিদাকে একাদশে রেখেই অতিথি দলকে মোকাবিলা করেছে স্বাগতিকরা।

লাল-হলুদের হয়ে অভিষেকের মধ্য দিয়ে ইতিহাস গড়েছেন সানজিদা। ইস্টবেঙ্গল নারী ফুটবল দলে প্রথম বিদেশি সানজিদা। চলতি লিগে খেলছেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুনও। তিনি খেলছেন কিকস্টার্ট এফসিতে। ৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে সাবিনা ও সানজিদার ক্লাব।

Advertisement

এর আগে ১৯৮৬ সালে বাংলাদেশের ফুটবলারদের প্রথম পা পড়েছিল ইস্টবেঙ্গল ক্লাবে। ওই সময় লাল-হলুদ দলে ডুরান্ড কাপে খেলেছিলেন ওয়াসিম ইকবাল ও শেখ মোহাম্মদ আসলাম।

এরপর ১৯৯১ সালে মোনেম মুন্না, আসলাম, গাউস, রুমিরা ইস্টবেঙ্গলে খেলেছেন। পর্যায়ক্রমে ১৯৯২ ১৯৯৩ সালে খেলে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করাতে বড় ভূমিকা রেখেছিলেন মুন্না। তাদেরই স্মৃতি বিজড়িত ক্লাবে বাংলাদেশের প্রথম নারী ফুটবলার হিসেবে অভিষেক হলো সানজিদার।

যদিও অপেক্ষাকৃত দূর্বল দল স্পোর্টস ওড়িশার বিপক্ষে জিততে পারেনি সানজিদাদের দল। ঘরের মাঠে অতিথি দলের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ইস্টবেঙ্গল। শেষ দিকে ইস্টবেঙ্গলকে চেপে ধরেছিল ওড়িশা। ক্রসবারে বল লেগেছে, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়ে ওড়িশার ফরোয়ার্ডদের শট।

সানজিদা কেমন খেললেন অভিষেক ম্যাচে? ইস্টবেঙ্গলের কোচ সানজিদাকে একাদশে নামিয়ে পুরো ম্যাচই খেলিয়েছেন। ইস্টবেঙ্গলের আক্রমণগুলো ডান দিক দিয়ে সানজিদার মাধ্যমেই বেশি হয়েছে। একাধিকবার সানজিদা ডান দিক দিয়ে দ্রুত গতিতে ওপরে উঠে প্রতিপক্ষের বক্সে বল ফেলেছেন। তবে ঘরের মাঠে কাজের কাজটি করতে পারেনি স্বাগতিক দলের ফরোয়ার্ডরা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!