ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ, ছেলের খোঁজ পেতে ব্যাকুল ধাওয়ান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৪২, ৩১ জানুয়ারি ২০২৪
স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ, ছেলের খোঁজ পেতে ব্যাকুল ধাওয়ান
শিখর ধাওয়ান

ছেলে জোরাওয়ারের জন্মদিনে একটি পোস্ট লিখেছিলেন শিখর ধাওয়ান। কিন্তু সেই লেখা তার ছেলের কাছে পৌঁছায়নি বলে মনে করছেন ধাওয়ান। সেই আক্ষেপ এখনো রয়েছে ভারতীয় এই ক্রিকেটারের।

জাতীয় দলে এখন আর জায়গা হয় না। স্ত্রীর সঙ্গেও বিচ্ছেদ হয়েছে। এই অবস্থায় এখন ১০ বছরের ছেলের জন্য ব্যাকুল হয়ে উঠেছেন ধাওয়ান।

গত বছর ২৬ ডিসেম্বর জোরাওয়ারের জন্মদিন ছিল। সেই দিন ছেলের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে মনের কথা লিখেছিলেন ধাওয়ান। ভেবেছিলেন সেই লেখা ছেলে কাছে পৌঁছবে। কিন্তু তা হয়েছে কি না জানেন না তিনি।

Advertisement

ধাওয়ান বলেন, ‘আমার কোনো কষ্ট ছিল না। নিজের মনের কথা লিখেছিলাম শুধু। পাঁচ মাস আগে শেষবার ছেলের সঙ্গে কথা হয়েছিল। নিজের মনের মধ্যে যা চলছিল, সেটাই লিখেছিলাম ওর জন্মদিনে। আমি খুব আবেগপ্রবণ। ভালবাসাটাই জানাতে চেয়েছিলাম। কারণ আমি যদি দুঃখে থাকি, তাহলে আমার ছেলের কাছেও নেতিবাচক বার্তা যাবে।’

ছেলের সঙ্গে দেখা করতে পারেন না ধাওয়ান। তিনি বলেন, ‘আমি বুঝতে পারিনি যে, পোস্টটা নিয়ে এত কথা হবে। অনেক আশা নিয়ে লিখেছিলাম। ভেবেছিলাম আমার ছেলে ওটা পড়বে। ও যেখানেই থাকুক, আশা করি এক দিন আমার সঙ্গে দেখা করতে আসবে।

আমি জোরাওয়ারকে জোর করব না। রোজ আমি ওকে কিছু না কিছু লিখি। কিন্তু জানি না আদৌ সেগুলো ওর কাছে যায় কি না। একজন বাবা হিসেবে নিজের কর্তব্য করে যাচ্ছি আমি। দুঃখ হয়, কিন্তু সেটা নিয়ে থাকতে শিখে গিয়েছি।’

ছেলের জন্মদিনে ইনস্টাগ্রামে ধাওয়ান লিখেছিলেন, ‘তোমাকে এক বছর দেখিনি। প্রায় তিন মাস ধরে সব জায়গায় আমাকে ব্লক করে দেওয়া হয়েছে। তাই তিন মাস আগে শেষ বার তোমার সঙ্গে কথা বলার ছবিই দিলাম। শুভ জন্মদিন।’

ধাওয়ান জানিয়েছেন, ছেলেকে দেখতে না পেলেও তাদের মধ্যে টেলিপ্যাথির যোগ রয়েছে। তিনি বলেন, ‘তোমার সঙ্গে সরাসরি কথা বলতে পারছি না। কিন্তু আমাদের টেলিপ্যাথির যোগ রয়েছে। তোমাকে নিয়ে গর্বিত। আমি জানি তুমি খুব ভাল আছ।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!