ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রোনালদোর একমাত্র গোলে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে আল নাসর

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৬, ১৫ ফেব্রুয়ারি ২০২৪
রোনালদোর একমাত্র গোলে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে আল নাসর
ক্রিস্টিয়ানো রোনালদো

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে আল ফায়াকে হারিয়েছে আল নাসর। ক্রিস্টিয়ানো রোনালদোর একমাত্র গোলে জিতে টুর্নামেন্টটির কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি।

মৌসুমে এটি রোনালদোর ২১তম ও এএফসি চ্যাম্পিয়ন্স লিগে চতুর্থ গোল। দুই লেগ মিলিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে শেষ আট নিশ্চিত করেছে আল নাসর। রিয়াদের প্রিন্স বিন ফাহাদ স্টেডিয়ামে ৮১ মিনিটে ৩৯ বছর বয়সী পর্তুগিজ সুপারস্টার জয়সূচক গোলটি করেন।

সৌদি পেশাদার লিগ টেবিলের ১৪তম স্থানে থাকা আল ফায়ার বিপক্ষে শুরু থেকেই খুব একটা সুবিধা করতে পারেননি রোনালদো। ঘরোয়া লিগে মাত্র দুটি দলের বিপক্ষে রোনালদো এখনো গোল করতে পারেননি। তার মধ্যে একটি হলো আল ফায়া।

Advertisement

কালকের ম্যাচেও মনে হচ্ছিল আল ফায়ার বিপক্ষে সব ধরনের প্রতিযোগিতায় তৃতীয় ম্যাচে রোনালদো গোল করতে ব্যর্থ হবেন। কিন্তু ম্যাচ শেষের ৯ মিনিট আগে এগিয়ে আসা গোলরক্ষক ভ্লাদিমির স্টয়িকোভিচের মাথার উপর দিয়ে ভলি করে গোল করেন সিআর সেভেন।

অবশ্য বিরতির আগে এর থেকেও সহজ সুযোগ নষ্ট করেছেন রোনালদো। তার দুর্বল শট স্টয়িকোভিচ সহজেই রুখে দেন। দিনের আরেক ম্যাচে ব্যাংকক ইউনাইটেড স্টপেজ টাইমের গোলে ইউকোহামা এফ ম্যারিনসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!