ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সালেরনিতানাকে উড়িয়ে লিগ শিরোপা জয়ের পথে ইন্টার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৪৬, ১৭ ফেব্রুয়ারি ২০২৪
সালেরনিতানাকে উড়িয়ে লিগ শিরোপা জয়ের পথে ইন্টার
ফাইল ছবি

পয়েন্ট টেবিলের তলানির দল সালেরনিতানাকে ৪-০ গোলে বিধ্বস্ত করে সিরি আ লিগ শিরোপা জয়ের পথে আরো এগিয়ে গেছে ইন্টার মিলান। দ্বিতীয় স্থানে থাকা জুভেন্টাসের চেয়ে ১০ পয়েন্টের সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে গেছে সিমোনে ইনজাগির দল।

কোচিং ক্যারিয়ারে প্রথমবারের মত লিগ শিরোপা জয়ের স্বপ্নে এখন বিভোর ইনজাগি। টেবিলের একেবারে নীচে থাকা দলটির বিপক্ষে কাল ইন্টার কোন ছাড় দেয়নি। তারকা স্ট্রাইকার জুটি মার্কোস থুরাম ও লউতারো মার্টিনেজ প্রথমার্ধে দুই মিনিটের ব্যবধানে দুই গোল করেন।

এর মাধ্যমে বড় জয়ের ইঙ্গিত শুরুতেই দিয়েছিল ইন্টার। বিরতির আগে ডেনজেল ডামফ্রাইসের গোলে আরো এগিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচের শেষ ভাগে মার্কো অরনাটোভিচের গোলে জয়ের ব্যবধান বেড়েছে। 

Advertisement

ম্যাচ শেষে ইন্টার অধিনায়ক মার্টিনেজ বলেছেন, ‘এটা সত্যিই দারুণ এক অনুভূতি। কারণ খেলোয়াড়রা সত্যিকার অর্থেই বেশ উঁচু মানের খেলা উপহার দিয়েছে। যে কারণে আমি অনেক বেশী সন্তুষ্ট।’

ধুকতে থাকা ভেরোনার বিপক্ষে জয়ের মাধ্যমে ইন্টারের সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী জুভেন্টাস পয়েন্টের ব্যবধান সাতে নামিয়ে আনতে পারে। তবে এ বছর ইন্টার এখন পর্যন্ত লিগে ছয়টি ম্যাচের সবকটিতেই জয়ী হয়েছে।

এ সপ্তাহের শুরুতে ইনজাগির বড় ভাই ফিলিপ্পের পরিবর্তে সালেরনিতানার কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ইনজাগির সাবেক লাজিও সতীর্থ ফ্যাবিও লিভারানি। কাল নতুন কোচের অধীনে সালেরনিতানা ইন্টারের কাছে একপ্রকার উড়ে গেছে।

লিভারানির সামনে এখন সালেরনিতানাকে রেলিগেশন জোন থেকে রক্ষা করার অনেক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। রেলিগেশন জোনের ঠিক বাইরে থাকা সাসৌলো থেকে সাত পয়েন্ট দূরে রয়েছে সালেরনিতানা।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!