ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কোনোমতে মান বাঁচিয়ে বিশ্বকাপ থেকে আর্জেন্টিনার বিদায়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:১৪, ২০ ফেব্রুয়ারি ২০২৪
কোনোমতে মান বাঁচিয়ে বিশ্বকাপ থেকে আর্জেন্টিনার বিদায়
ছবি- সংগৃহীত

বিশ্ব ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২০২২ সালে কাতারে বিশ্ব ফুটবলের মসনদে বসার পর থেকেই রীতিমতো উড়ছে আলবিসেলেস্তেরা। জাতীয় দলের পাশাপাশি বয়সভিত্তিক ফুটবলেও ভালো করছে আকাশী-সাদা জার্সিধারীরা। 

ক’দিন আগেই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে অলিম্পিকের চূড়ান্ত পর্বের টিকিট কেটেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল। তবে বিচ সকারে আর্জেন্টিনা দল যেন স্রেফ নিজেদের ছায়া হয়ে আছে। 

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গড়িয়েছে বিচ ফুটবল বিশ্বকাপ। যেখানে প্রথম দুই ম্যাচে বড় ব্যবধানে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল আর্জেন্টিনার। যে কারণে স্পেনের বিপক্ষে ম্যাচটি ছিল অনেকটা আনুষ্ঠানিকতার।

Advertisement

সোমবার বিচ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্পেনকে ৫-৪ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। এই জয়ে গ্রুপ ‘বি’তে তৃতীয় স্থানে থেকে শেষ করেছে আলবিসেলেস্তেরা।
 
আসরে নিজেদের শেষ ম্যাচে স্পেনের বিপক্ষে ১৮তম মিনিটের মাথায় পেনাল্টির সুবাদে লিড নেয় আর্জেন্টিনা। কয়েক মিনিটের ব্যবধানে ব্যবধান দ্বিগুণ করে তারা। তবে এরপরেই ঘুরে দাঁড়ায় স্পেন। চার মিনিটের ব্যবধানে সমতায় ফেরে তারা।

ম্যাচের ২৯তম মিনিটে আবারো প্রতিপক্ষের জালে বল পাঠায় আর্জেন্টিনা। কিন্তু এবারও বেশিক্ষণ লিড ধরে রাখা যায়নি। এক মিনিটের মাথায় সমতায় ফেরে স্পেন। গোল পাল্টা গোলের ম্যাচটিতে শেষ পর্যন্ত অবশ্য জিতেছে আর্জেন্টিনাই।

অন্যদিকে, উড়ছে লাতিন আরেক পরাশক্তি ব্রাজিল। টানা দুই জয়ে এরই মধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বিচ ফুটবলের পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!