ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিপিএল শেষের আগেই শুরু শ্রীলংকা সিরিজের অনুশীলন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৪, ২৭ ফেব্রুয়ারি ২০২৪
বিপিএল শেষের আগেই শুরু শ্রীলংকা সিরিজের অনুশীলন
ফাইল ছবি

চলমান বিপিএল শেষ হতেই ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে সিরিজ খেলতে নামবেন ক্রিকেটাররা। যে কারণে বিপিএলের মাঝেই সোমবার থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের তত্ত্বাবধানে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

সম্প্রতি সাকিব আল হাসানের জায়গায় তিন ফরম্যাটেই বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। তিনি সহ জাতীয় দলের যেসব খেলোয়াড়দের এই মূর্হুতে খেলার চাপ নেই, তাদের সঙ্গে গতকাল বৈঠক করেন হাথুরুসিংহে।

জাকির হাসান, নাঈম হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলামসহ আরও অনেকেই অনুশীলন সেশনে ছিলেন। বিপিএল প্লে অফে অংশ নেয়া খেলোয়াড়রা এই অনুশীলনে ছিলেন না। কিন্তু রংপুর রাইডার্সের খেলোয়াড় মুমিনুল হককে মাঝে মাঝে অনুশীলন সেশনে দেখা গেছে।

Advertisement

চলতি বছর শ্রীলংকার বিপক্ষে সিরিজটি বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক অ্যাসাইনমেন্ট। তিনটি করে টি-২০ এবং ওয়ানডে এবং দু’টি টেস্ট খেলতে আগামী পহেলা মার্চ বাংলাদেশে আসবে শ্রীলংকা।

টি-২০ দিয়ে সিরিজ শুরু করবে বাংলাদেশ ও শ্রীলংকা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে-  ৪, ৬ এবং ৯ মার্চ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে- ১৩, ১৫ ও ১৮ মার্চ।

সীমিত ওভারের সিরিজের পর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ ও শ্রীলংকা। ২০২৩-২৫ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ সিরিজটি। সিলেটে ২২ মার্চ থেকে প্রথম এবং চট্টগ্রামে ৩০ মার্চ থেকে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে।

ইতোমধ্যে টি-২০ সিরিজ এবং প্রথম দুই ম্যাচের জন্য ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরবর্তীতে টেস্ট দল ঘোষণা করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!