এ দুই তারকার লড়াইয়ের ম্যাচে আছে আরও এক লড়াই। বলা যায়, আজকের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে সাকিব-তামিমের সঙ্গে তৃতীয় চরিত্র হতে যাচ্ছেন আফগান পেসার ফজলহক ফারুকি। মূলত ফারুকি সংক্রান্ত একটি সিদ্ধান্ত থেকেই বিশ্বকাপ দল থেকে তামিমের সরে যাওয়ার ঘটনা ছিল।
বোলার ফারুকির বিপক্ষে ব্যাটসম্যান তামিম যেন দাঁড়াতেই পারছেন না। পরিসংখ্যান দেখলেই বোঝা যাবে, আফগান এই পেসারের বিপক্ষে কতটা নড়বড়ে ছিলেন তামিম। দেশের জার্সিতে চারবার ফারুকির মুখোমুখি হয়ে প্রতিবারই দৃষ্টিকটুভাবে আউট হয়েছিলেন এ ওপেনার।
.png)
আর তাই গত বিশ্বকাপের আগে ফারুকির বিপক্ষে তামিমের এমন দুর্বলতা নিয়ে বলতে গেলে লঙ্কাকাণ্ড বয়ে গেছে দেশের ক্রিকেটে। ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াডে জায়গা হয়নি তামিম ইকবালের।
পরে জানা যায়, বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে তামিমকে মিডল অর্ডারে ব্যাটিংয়ের পরামর্শ দেওয়া হয়েছিল। এর নেপথ্য কারণ ফারুকির বিপক্ষে তার নড়বড়ে ব্যাটিং। বিষয়টি মানতে না পেরে বিশ্বকাপ থেকেই সরে দাঁড়ান তামিম।
চলতি বিপিএলে রংপুরের হয়ে খেলছেন ফারুকি। বরিশালের হয়ে দুর্দান্ত ছন্দে আছেন তামিম ইকবাল। গতকাল বরিশালের সংবাদ সম্মেলনেও উঠে এসেছিল তামিম-ফারুকি প্রসঙ্গ। যদিও বরিশাল কোচ মিজানুর রহমান বাবুলের বিশ্বাস, আগের সে অবস্থা থেকে বের হয়ে এসেছেন দেশসেরা ওপেনার।
তিনি বলেন, ‘আমার মনে হয়, ফারুকির যে ব্যাপারটা, সেটা আরও দুই বছর আগের ঘটনা। এখন আর ওই অবস্থায় নেই। আলহামদুলিল্লাহ তামিমও খুব ভালো অবস্থানে আছে। আর বললাম তো, দুই-তিন বছর আগের ঘটনা। এখন সেটা পুনরাবৃত্তি ঘটার কোনো কারণ দেখছি না।’
তবে বাবুল যাই বলুক না কেন, সাকিবের বাইরে আজ যে তামিম-ফারুকি দ্বৈরথও অলিখিতভাবে সবার আগ্রহের কেন্দ্রে থাকবে, তা বলাই যায়।