নিজেদের ইতিহাসে প্রথম টেস্ট জিতল আয়ারল্যান্ড
নিজেদের টেস্ট ইতিহাসে প্রথম জয়ের স্বাদ পেয়েছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। আবু ধাবির টলারেন্স ওভালে অনুষ্ঠিত সিরিজের একমাত্র টেস্টে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ড।
২০১৭ সালের ২২ জুন টেস্ট মর্যাদা পাবার পর অষ্টম ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল আয়ারল্যান্ড।
টেস্ট জয়ের জন্য আয়ারল্যান্ডকে ১১১ রানের টার্গেট ছুঁড়ে দেয় আফগানিস্তান। জবাবে অধিনায়ক এন্ডি বালবির্নির হাফ-সেঞ্চুরিতে প্রথম টেস্ট জয়ের স্বাদ নেয় আইরিশরা। বালবির্নি ৫৮ ও লরকান টাকার ২৭ রানে অপরাজিত থাকেন।
এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ডের পেসার মার্ক আদায়ারের বোলিং তোপে ১৫৫ রানে অলআউট হয় আফগানিস্তান। ৩৯ রানে ৫ উইকেট নেন আদায়ার।
এরপর নিজেদের প্রথম ইনিংসে পল স্টার্লিংয়ের হাফ-সেঞ্চুরিতে ২৬৩ রান করে আয়ারল্যান্ড। প্রথম ইনিংস থেকে ১০৮ রানের লিড পায় আইরিশরা। স্টার্লিং ৫২ রান করেন।
পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে সব উইকেট হারিয়ে ২১৮ রান করে আফগানিস্তান। এই ইনিংসে দলের পক্ষে অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদী সর্বোচ্চ ৫৫ রান করেন।
আয়ারল্যান্ডের আদায়ার, বেরি ম্যাককার্থি ও ক্রেইগ ইয়ং ৩টি করে উইকেট নেন। ম্যাচে ৮ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন আদায়ার।
২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম সাক্ষাতে ৭ উইকেটে জয় পেয়েছিলো আফগানিস্তান। টেস্ট মর্যাদার পর ৯ ম্যাচে ষষ্ঠ হারের স্বাদ পেলো আফগানরা।
আগামী ৭ মার্চ থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে আফগানিস্তান ও আয়ারল্যান্ড।