পাকিস্তানের নতুন কোচ হওয়ার দৌড়ে ওয়াটসন
বেশ অনেকদিন ধরেই কোচহীন অবস্থায় রয়েছে পাকিস্তান জাতীয় দল। আগামী মাসেই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে নামবে পাকিস্তান। সেই সিরিজের আগেই নতুন কোচ নিয়োগ দিতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাকিস্তানের কোচ হওয়ার দৌড়ে বেশ ভালোভাবে এগিয়ে রয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার শেন ওয়াটসন।
ক্রিকেট খেলুড়ে দেশগুলোর মধ্যে পাকিস্তান দলের কোচের দায়িত্ব পালন করা সবসময়ই চ্যালেঞ্জিং। সমর্থকদের প্রত্যাশা থেকে শুরু করে সমালোচনা ও বিতর্ক যেন এখানকার ক্রিকেটে নিত্যসঙ্গী। এগুলোকে মেনে নিয়েই বাবর-রিজওয়ানদের কোচদের দায়িত্ব পালন করতে হয়।
.png)
২০২৪ সালের জানুয়ারির শুরুতেই গ্র্যান্ট ব্র্যাডবার্ন কোচের দায়িত্ব ছেড়ে দেন। তখন থেকেই নতুন কোচের খোঁজে পাকিস্তান। বাবরদের পরবর্তী কোচ হিসেবে পিসিবির পছন্দের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসন।
চলমান পিএসএলে কোয়েটা গ্লাডিয়েটর্সের কোচের দায়িত্ব পালন করছেন ওয়াটসন। নিউজিল্যান্ড সিরিজের আগেই বিপিএল খেলা দুইবারের বিশ্বকাপজয়ী এই তারকার সঙ্গে চুক্তি নিশ্চিত করতে চায় পিসিবি।
ওয়াটসনকে কোচের পদে নিয়োগের বিষয়টা অনেকাংশেই নির্ভর করছে বছরে ঠিক কতোটা সময় পাকিস্তানের কোচ হিসেবে দলের সঙ্গে ব্যয় করতে পারবেন তিনি সেটার ওপর।
কারণ, কোয়েটা গ্লাডিয়েটর্স ছাড়াও ওয়াটসন মেজর লিগ ক্রিকেটে স্যান ফ্রান্সিসকো ইউনিকর্ন্সের কোচের দায়িত্বও পালন করেন। এছাড়া আইসিসির ইভেন্ট ও আইপিএলে স্টার স্পোর্টসের হয়ে ধারাভাষ্য দেয়ার জন্যও চুক্তিবদ্ধ হয়ে আছেন ওয়াটসন।
ঢাকা ডায়নামাইটস, রংপুর রাইডার্সের হয়ে বিপিএল খেলা ওয়াটসন ছাড়াও পিসিবি বিকল্প হিসেবে সাবেক ক্যারিবিয়ান অধিনায়ক ড্যারেন স্যামির নামও ভেবে রেখেছে। অজি বিশ্বকাপজয়ী ক্রিকেটারকে শেষ পর্যন্ত পাওয়া না গেলে স্যামির দিকে হাত বাড়াতে পারে পাকিস্তান।