রোববার রাত পৌনে ১০টায় অ্যানফিল্ডে সিটিজেনদের আতিথ্য দেবে অলরেডস। ম্যাচটি জিতলেই প্রিমিয়ার লিগের শীর্ষস্থানে উঠবে যেকোনো এক দল। স্বাভাবিকভাবেই ম্যাচটিতে কেউ যে ছেড়ে কথা বলবে না, তা অনুমেয়ই।
সিটি-লিভারপুল ম্যাচ মানে দুই ট্যাকটিশিয়ান ইয়ুর্গেন ক্লপ ও পেপ গার্দিওয়ালার মনস্তাত্ত্বিক লড়াইও। জার্মানি থেকে ইংল্যান্ড, কোচিং ক্যারিয়ারে দুজনের দ্বৈরথটা এক দশকের। দুজনেই নিজ নিজ ক্লাবকে দিয়েছেন সেরা সাফল্যের স্বাদ। এবার প্রিমিয়ার লিগে শীর্ষস্থান দখলের লড়াইয়ে আরো একবার মুখোমুখি গার্দিওয়ালা-ক্লপ।
.png)
সবমিলিয়ে ৩০ বারের মতো মুখোমুখির অপেক্ষায় দুই ট্যাকটিশিয়ান। যেখানে ১২-১১ তে লিড ক্লপের। তবে হাইভোল্টেজ লড়াইয়ের আগে মনস্তাত্ত্বিক খেলায় কে এগিয়ে?
লিভারপুল মাস্টারমাইন্ড ইয়ুর্গেন ক্লপ বলেন, ‘আমার দেখা সেরা কোচ পেপ গার্দিওয়ালা। দুজনেই ম্যাচ জিততে চাই, তবে আমাদের মধ্যে কোনো ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা নেই। আমি তাকে সম্মান করি।’
ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওয়ালা বলেন, ক্লপ এই মৌসুম পর লিভারপুলের দায়িত্ব ছাড়ছেন। আমি তার সিদ্ধান্তকে সম্মান জানাই। প্রিমিয়ার লিগে শেষবার হলেও হয়তো এফএ কাপে আবার দেখা হবে। তাই আপাতত যুদ্ধ করতে হবে, আর ম্যাচ জিততে হবে।
অ্যানফিল্ডে কাজটা কঠিন হবে ম্যান সিটির জন্য। ঘরের মাঠে সিটিজেনদের বিপক্ষে শেষ ২০ দেখায় মাত্র এক হার লিভারপুলের। আর শেষ ৩০ প্রিমিয়ার লিগ ম্যাচে অ্যাওয়ে দল জিতেছে মাত্র দুবার। তবে আর্লিং হল্যান্ড, রুবেন দিয়াজদের ফর্ম আত্মবিশ্বাস জোগাচ্ছে পেপ গার্দিওয়ালাকে। ফিরতে পারেন জেরেমি ডোকু ও ম্যাথিউস নুনেজও।