ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শান্ত’র সেঞ্চুরি: প্রতিক্রিয়া জানালেন রত্না

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০০:৫১, ১৪ মার্চ ২০২৪
শান্ত’র সেঞ্চুরি: প্রতিক্রিয়া জানালেন রত্না
ছবি: সংগৃহীত

সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কিংবা সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজ দুই জায়গায়ই ব্যর্থ ছিলেন নাজমুল হোসেন শান্ত। রান খরায় ভুগতে থাকা বাংলাদেশ অধিনায়ক ফরম্যাট বদলের সঙ্গে ব্যাটিংয়ে গিয়ার পরিবর্তন করলেন। প্রথম ওয়ানডেতে পেলেন তিন অঙ্কের দেখা। শান্তর প্রত্যাবর্তনের সেঞ্চুরিতে শ্রীলংকাকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিকরা। 

শান্তর নায়কোচিত এমন ইনিংসের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন স্ত্রী সাবরিনা রত্না।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে শান্তর সঙ্গে ছেলের একটি ছবি পোস্ট করেছেন রত্না। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘অনেক অপেক্ষার পর সেঞ্চুরি। অভিনন্দন পাপা ফ্রম ইজহান।’

Advertisement

১২৯ বলের ইনিংসে শান্ত ১৩টি চার ও ২টি বাউন্ডারি হাঁকিয়েছেন। তার সঙ্গে গড়া ১৬৫ রানের দারুণ এক জুটিতে বাংলাদেশকে জয় উপহার দিয়েছেন মুশফিকুর রহিম। তিনি নিজেও পেয়েছেন হাফসেঞ্চুরি। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৭৩ রানে। ৮৪ বলের ইনিংসটি মিস্টার ডিফেন্ডেবল ৮টি চারের বাউন্ডারিতে সাজিয়েছেন।

এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ (বুধবার) টস জিতে আগে ব্যাটিং করে শ্রীলঙ্কা। ৪৮.৫ ওভারে সফরকারীরা ২৫৫ রানে গুটিয়ে যায়। তাদের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন জানিত লিয়ানাগে। এছাড়া অধিনায়ক কুশল মেন্ডিস ৫৯, পাথুম নিশাঙ্কা ৩৬ এবং আভিষ্কা ফার্নান্দো ৩৩ রান করেন। বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট পেয়েছেন তানজিম সাকিব, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

জবাবে রানতাড়ায় শুরুতে দ্রুত উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ। দলীয় ২৩ রানের মাথায় পতন হয় তৃতীয় উইকেটের। চতুর্থ উইকেট জুটিতে শান্ত’র সঙ্গে ৬৯ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ রিয়াদ। রিয়াদের বিদায়ের পর বাকি কাজ সামলেছেন শান্ত ও মুশফিক।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: বিপিএল
লিংক সফলভাবে কপি হয়েছে!