ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

লিটনের বাদ পড়ার ব্যাখ্যায় যা বললেন প্রধান নির্বাচক

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫১, ১৬ মার্চ ২০২৪
লিটনের বাদ পড়ার ব্যাখ্যায় যা বললেন প্রধান নির্বাচক
ছবি কোলাজ- ডেইলি বাংলাদেশ

শ্রীলংকার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে বাদ পড়েছেন টাইগার ওপেনার লিটন দাস। তার পরিবর্তে এই সংস্করণে প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাকের আলী অনিক।

শনিবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বিসিবি। কি কারণে বাদ পড়লেন লিটন, সেই বিষয়টিও ব্যাখ্যা করেছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন। 

লিটনের বাদ পড়া প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেন, ‘যেহেতু সিরিজ চলছে, পরিবর্তনের খুব বেশি সুযোগ ছিল না। তবে নতুন বলে খুবই অধারাবাহিক হওয়ার কারণে আমরা লিটন দাসকে এই স্কোয়াডের সাথে আর রাখছি না।’

Advertisement

তিনি আরো বলেন, ‘দলে আগে থেকে এনামুল হক বিজয় ও তানজিদ হাসান তামিম রয়েছে, যারা ওপেন করতে পারে। আরেকজন ওপেনার আছে সৌম্য সরকার। লিটনকে যখন স্কোয়াডে অন্তর্ভুক্ত করলাম না, তখন এই জায়গায় নতুন করে কোনো ওপেনারের প্রয়োজন দেখিনি। এরই মধ্যে দুটি অপশন আছে এর মধ্যে একটি আমাদের কোচ-ক্যাপ্টেনকে বেছে নিতে হবে।’

লিটনের বাদ পড়া এবং জাকেরের দলে প্রবেশের বিষয়ে কোচ-অধিনায়কের মতামত নিয়েছেন বলে জানান গাজী আশরাফ লিপু, ‘এই সিলেকশন প্রক্রিয়ায় আমরা অবশ্যই কোচ-ক্যাপ্টেনের মতামত নিয়েছি।’

গাজী আশরাফ বলেন, ‘আমরা দেখেছি লিটনের পরিবর্তে দলে যদি মিডল অর্ডারে কাউকে সংযোজন করা যায়, সেখানে একটা গ্যাপ আছে। সেখানে অনিককে মনে করেছি এই জায়গায় যথার্থ হবে। সাদা বলে সে টি-২০ খেলেছে, রান করেছে, রান পেয়েছে ডিপিএলেও। একাধিক ভূমিকা পালন করতে পারে, মিডল অর্ডারে ওপরের দিকে খেলতে পারে আবার ফিনিশারের ভূমিকাও পালন করতে পারে।’

উল্লেখ্য, তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জয় পায় বাংলাদেশ। আর দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছে সফরকারী শ্রীলংকা। স্বাভাবিকভাবেই সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। যেখানে আগামী ১৮ মার্চ মুখোমুখি হবে দুদল। ম্যাচটি হবে চট্টগ্রামে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!