ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অলিখিত ‘ফাইনালে’ সমান সুযোগ দেখছেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪৯, ১৬ মার্চ ২০২৪
অলিখিত ‘ফাইনালে’ সমান সুযোগ দেখছেন সাকিব
তানজিম হাসান সাকিব

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলংকাকে ৬ উইকেটে হারায় বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়ায় লঙ্কানরা। ম্যাচটিতে স্বাগতিকদের ৩ উইকেটে হারিয়ে সিরিজে সমতা এনেছে কুশল মেন্ডিসের দল। স্বাভাবিকভাবেই সিরিজের তৃতীয় ওয়ানডে রূপ নিয়েছে অলিখিত ফাইনালে।

চট্টগ্রামের সাগরিকায় সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে দিনের আলোয়। ফলে ম্যাচে কোনো শিশিরের প্রভাব থাকবে না। এ জন্য দুই দলের সমান সম্ভাবনা দেখছেন টাইগার পেসার তানজিম হাসান সাকিব।

শনিবার বিসিবির দেওয়া এক ভিডিও বার্তায় তানজিম বলেন, ‘দিনের ম্যাচে আমি মনে করি বোলাররা তাদের শতভাগ দিতে পারবে। দুই দলের জন্য সমান হবে। উইকেটের কন্ডিশন, আউটফিল্ডের কন্ডিশন দুই দল সমান সুবিধা পাবে। বোলাররা যদি ভালো জায়গায় বল করতে পারে তাহলে অবশ্যই উইকেট থেকে সাপোর্ট পাবে।’

Advertisement

অলিখিত ফাইনালে জয় ব্যতীত ভিন্ন কিছু ভাবছেন না সেটিও জানিয়ে রাখলেন সাকিব। তার কথায়, ‘অবশ্যই আমরা মাঠে নামব জেতার জন্য এবং আমরা চাইব এই সিরিজে যেন আমরা জয়ী হতে পারি। গত ম্যাচে আমাদের একটা সুযোগ ছিল; কিন্তু আমরা কাজে লাগাতে পারিনি। শেষ ম্যাচে যেন আমরা সর্বোচ্চটা দিয়ে জয়লাভ করতে পারি সে জন্য চেষ্টা করব।’

তিন ম্যাচ সিরিজের পাওয়া প্রথম ম্যাচে নিজের প্রথম স্পেলে ৩ উইকেট নিয়ে দলের জয়ে ভূমিকা রেখেছিলেন তানজিম। দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ১৮ রান করলেও ১ উইকেট নিতে খরচ করেন ৬৫ রান। শেষ ম্যাচে নিজের পারফরম্যান্সেও ধার আনতে চান তিনি।

তানজিম বলেন, ‘মানুষ তো স্বপ্ন দেখে। আমি যখন খেলি তখন চেষ্টা করি আমার ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এই তিন দিক থেকে যেন দলকে সমর্থন করতে পারি, তাহলে দল অবশ্যই ভালো কিছু পাবে। সামনে দলের জন্য অবদান রাখতে চাই।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!