ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ভিনিসিয়ুসকে নিয়ে বর্ণবাদী মন্তব্য, রিয়ালের মামলা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩:৩১, ১৬ মার্চ ২০২৪
ভিনিসিয়ুসকে নিয়ে বর্ণবাদী মন্তব্য, রিয়ালের মামলা
ভিনিসিয়ুস জুনিয়র

অ্যাথলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে ভিনিসিয়ুস জুনিয়রকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্ণবাদী মন্তব্য করা হয়। এবার এর বিপক্ষে অভিযোগ দায়ের করেছে রিয়াল মাদ্রিদ। 

এক বিবৃতিতে রিয়ালের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমাদের খেলোয়াড় ভিনিসিয়ুস জুনিয়রকে ঘিরে বর্ণবাদী ও ঘৃণামূলক মন্তব্যের বিপক্ষে আমরা সরকারী প্রসিকিউটরের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছি। 

রিয়াল মাদ্রিদ বর্ণবাদ, বৈষম্য এবং ঘৃণার এই সহিংস আক্রমণের নিন্দা করে। যা দুঃখজনকভাবে কিছু সময়ের জন্য পুনরাবৃত্তি এবং চলমান উদ্বেগের বিষয়।’

Advertisement

বুধবার ইন্টার মিলানের বিপক্ষে অ্যাথলেটিকো মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচের আগে মেট্রোপলিটানো স্টেডিয়ামের বাইরে কিছু সমর্থক ভিনিকে উদ্দেশ্য করে অপমানজক মন্তব্য করেন।

যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরের দিন ২৩ বছর বয়সী ব্রাজিলিয়ান এই উইঙ্গার চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফার কাছে ঐ সমর্থকের বিপক্ষে শাস্তিমূলক ব্যবস্থা নিতে আহবান জানান। 

২০১৮ সালে রিয়ালে যোগ দেবার পর থেকে বর্ণবাদী বৈষম্যের স্বীকার হচ্ছেন ভিনিসিয়ুস। তিনি এ সম্পর্কে এক্স’এ পোস্ট করেছেন, ‘এটা একটি দু:খজনক বাস্তবতা। এমনকি এমন এক ম্যাচে এই ধরনের ঘটনা ঘটেছে যেখানে আমি উপস্থিত ছিলাম না।’

মঙ্গলবার নাপোলির বিপক্ষে বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর হোম ম্যাচের আগেও মন্টজুইচ অলিম্পিক স্টেডিয়ামের বাইরে একই ঘটনা ঘটেছে। নির্দিষ্ট ব্যক্তিকে শনাক্ত করতে এরই মধ্যে দুই স্টেডিয়ামের সিকিউরিটি ফুটেজের জন্য ক্লাবগুলোর কাছে আবেদন করেছে তারা।

সাম্প্রতিক দুটি ঘটনার আগে গত ৩ মার্চ ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়ালের ম্যাচের আগে একইভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংক্ষিপ্ত ভিডিও বার্তায় ভিনিকে ঘিরে অপমানজনক মন্তব্য করা হয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!