ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ ২০২৪

সিরিজ নির্ধারণী ম্যাচে সাকিবকে পাচ্ছে না বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:১৯, ১৭ মার্চ ২০২৪
সিরিজ নির্ধারণী ম্যাচে সাকিবকে পাচ্ছে না বাংলাদেশ
তানজিম হাসান সাকিব

সিরিজ নির্ধারণী ম্যাচে সোমবার তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলংকা। সিরিজ উঁচিয়ে ধরতে ম্যাচটি জিততে মরিয়া দুদলই। তবে এর আগে ইনজুরিতে বাংলাদেশ সফর শেষ হয়ে গেছে লঙ্কান পেসার দিলশান মাদুশঙ্কার। এবার অঘোষিত ফাইনাল থেকে ছিটকে গেছেন তরুণ টাইগার পেসার তানজিম হাসান সাকিব।

সাকিবের ছিটকে যাওয়ার বিষয়টি রোববার দেশের এক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে ডানহাতি এ পেসারের।

গাজী আশরাফ বলেন, ‘দলের ফিজিও এইমাত্র আমাদের জানিয়েছেন, সে (তানজিম) খেলতে পারবে না। তার জায়গায় আমরা কাউকে নিতে পারি কিনা চিন্তা করছি। কারণ, সোমবার আবার সকালে যদি (অন্য কারো) কিছু হয়।’

Advertisement

ঘরের মাঠে চলমান তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ৪ উইকেট নিয়েছেন তানজিম। সব মিলিয়ে সাত ওয়ানডের ক্যারিয়ারে তার শিকার ২৫.৯১ গড়ে ১২ উইকেট। তিনি ছাড়া স্কোয়াডে আছেন আরো তিন পেসার। তারা হলেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

এর আগে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে শ্রীলংকার চলমান বাংলাদেশ সফর শেষ হয়ে গেছে বাঁহাতি পেসার দিলশান মাদুশঙ্কার। গত শুক্রবার অনুষ্ঠিত ম্যাচে বোলিংয়ের সময় বাম পায়ে অস্বস্তি অনুভব করেন তিনি। ৬.৪ ওভার করার পর মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয় তাকে।

সোমবার চট্টগ্রামের সাগরিকায় সকাল ১০টায় গড়াবে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে। প্রথম ম্যাচে ৬ উইকেটে জিতে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে ৩ উইকেটে জিতে সিরিজে সমতা টানে লঙ্কানরা।

তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও জাকের আলি অনিক।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!