এর আগে টি-২০তেও শেষ ম্যাচে ছিল সিরিজ নির্ধারণী। সেবার টাইগারদের হারিয়ে ট্রফি নিয়ে উচ্ছ্বাস করেছিল লঙ্কানরা। তাই ওয়ানডে সিরিজটা হাতছাড়া করতে চাইবে না নাজমুল হোসেন শান্তর দল।
অঘোষিত ফাইনালে সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলংকা। ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়। আর খেলা দেখাবে টি-স্পোর্টস।
.png)
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের একাদশে বাংলাদেশ দলে নিশ্চিতভাবেই দুটি পরিবর্তন আসতে যাচ্ছে সেটি বলাই যায়। কেননা ওপেনার লিটন দাস বাদ পড়েছেন। এটি নিশ্চিত হয়েছিল শনিবারেই। আর পেসার তানজিম হাসান সাকিবের ইনজুরির খবর ভেসে আসে গতকাল। সবমিলিয়ে নতুন করে একাদশে দেখা যেতে পারে দুই পরিবর্তন।
টাইগার একাদশে লিটনের পরিবর্তে এনামুল হক বিজয়কে পাওয়ার সম্ভাবনাই বেশি। এছাড়া পেসার মুস্তাফিজুর রহমান ফিরতে পারেন একাদশে। ফর্মহীনতায় জায়গা হারালেও, স্কোয়াডে থাকা বাকিদের তুলনায় তার ওপরেই ভরসা বেশি করতে হচ্ছে বাংলাদেশকে।
প্রথম দুই ওয়ানডেতে বল হাতে পারফর্ম করতে পারেননি তাইজুল ইসলাম। যে কারণে শেষ ওয়ানডেতে তার খেলার সম্ভাবনাও কম। এক্ষেত্রে একাদশে আসতে পারেন রিশাদ হোসেন। শেষদিকে তার ব্যাটিংটাও হয়ত কাজে লাগতে পারে বাংলাদেশের জন্য।
ওয়ানডেতে বাংলাদেশ-শ্রীলংকার মধ্যে এটি দশম সিরিজ। আগের ৯টি সিরিজে মাত্র একটিতেই জিতেছে বাংলাদেশ। দুই দলের মুখোমুখি হওয়া সর্বশেষ সিরিজেই এসেছিল সেই সাফল্য।
২০২১ সালে ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজ বাংলাদেশ জিতেছিল ২-১ ব্যবধানে। বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ তিন বছরের আগের সাফল্য ধরে রাখা। বাকি ৮ সিরিজের ২টি হয়েছে ড্র। অন্য ৬ সিরিজের ট্রফি গিয়েছে লঙ্কানদের ঝুলিতে।
সিরিজ নির্ধারণী ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
সৌম্য সরকার, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।