ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল। তবে সেখানেও যেন ভাগ্য কিছুতেই খুলছিল না সেলেসাওদের। ইংলিশরাও লড়ছিল পাল্লা দিয়ে।
ম্যাচের একটা সময় দুই দলকে যখন আলাদা করা যাচ্ছিল না, ড্রই যখন মনে হচ্ছিল পরিণতি। এই সময় বদলী হিসেবে নেমেই ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছেন ম্যাচে তরুণ তুর্কি এন্দ্রিক। নিজের প্রথম আন্তর্জাতিক গোলে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা।
.png)
টানা তিন ম্যাচ হারের পর নতুন কোচ ডরিভাল জুনিয়রের অভিষেক ম্যাচে এই জয় ব্রাজিলের জন্য বড় কিছুই। রিয়াল মাদ্রিদে যোগ দিতে চলা এনদ্রিককে নিয়ে মাতামাতি হচ্ছে বেশকিছুদিন ধরেই। কেন তাঁকে ব্রাজিলের নতুন তারকা ধরা হচ্ছে সেটি জানান দিলেন আজ ইংল্যান্ডের বিপক্ষে এমন বড় ম্যাচে।
রিয়ালের বর্তমান তারকা ভিনিসিয়ুস জুনিয়রই অবশ্য গোলটার মূল কারিগর। ম্যাচের ৮০তম মিনিটে অফসাইডের ফাঁদ এড়িয়ে ভিনির নেয়া শট জর্ডান পিকফোর্ড পা বাড়িয়ে ফিরিয়ে দিলেও পাশাপাশি দৌড়ানো এনদ্রিক সেই বল জালে পাঠাতে মোটেও ভুল করেননি।
শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ডরিভালের শিষ্যরা।