ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দুই পরিবর্তন নিয়ে ফিলিস্তিনের বিপক্ষে নামছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:১৬, ২৬ মার্চ ২০২৪
দুই পরিবর্তন নিয়ে ফিলিস্তিনের বিপক্ষে নামছে বাংলাদেশ
ছবি- সংগৃহীত

বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ের দ্বিতীয় লেগে ফিলিস্তিনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল। এই ম্যাচে প্রথম লেগের একাদশ থেকে দুই পরিবর্তন এনেছেন বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।

মঙ্গলবার ঘরের মাঠ কিংস অ্যারেনায় মুখোমুখি হবে বাংলাদেশ ও ফিলিস্তিন। ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে ৩টায়। খেলা দেখাবে টি-স্পোর্টস।

মান বাঁচানোর ম্যাচে রক্ষণভাগের এক ফুটবলারের পরিবর্তন হয়েছে। ফুলব্যাক ইসা ফয়সালের পরিবর্তে একাদশে ফিরেছেন সেন্ট্রাল ডিফেন্ডার শাকিল। শাকিল আসায় বিশ্বনাথ এই ম্যাচে তার ফুলব্যাক পজিশনে ফিরে যাচ্ছেন। আরেক ফুলব্যাক সাদ উদ্দিন ও সেন্ট্রাল ডিফেন্ডার তপু বর্মণের পজিশন অপরিবর্তিত।

Advertisement

মধ্যমাঠেও এসেছে পরিবর্তন। ডিফেন্সিভ মিডফিল্ডার সোহেল রানার পরিবর্তে অ্যাটাকিং মিডফিল্ডার সোহেল রানাকে একাদশে নিয়েছেন কোচ। ডিফেন্সিভ সোহেল না থাকায় হৃদয়ের ওপর আক্রমণ ও রক্ষণের সেতুবন্ধনের ভার। তার সঙ্গে থাকবেন দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও। 

আগের ম্যাচের মতো এই ম্যাচেও বাংলাদেশের আক্রমণের নেতৃত্বে থাকবেন রাকিব ও ফাহিম। তাদের যোগানদাতা হিসেবে রয়েছেন মজিবুর রহমান জনি।

আগের ম্যাচে ৫ গোল হজম করলেও দুর্দান্ত খেলা মিতুল মারমার ওপরই ঘরের মাঠেও ভরসা রেখেছেন কোচ। তাই জিকোকে আজও সাইডবেঞ্চে থাকতে হচ্ছে। 

ফিলিস্তিনের বিপক্ষে বাংলাদেশ একাদশ: মিতুল মারমা (গোলরক্ষক), বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, শাকিল, তপু বর্মণ, হৃদয়, সোহেল রানা, জামাল ভূঁইয়া (অধিনায়ক), মজিবর রহমান জনি, রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!