ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আইসিসির এলিট প্যানেলে বাংলাদেশের সৈকত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:২৪, ২৮ মার্চ ২০২৪
আইসিসির এলিট প্যানেলে বাংলাদেশের সৈকত
ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার হিসেবে জায়গা পেয়েছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকত। এর মধ্য দিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে এই কীর্তি গড়লেন তিনি।

বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। তারা জানিয়েছে, বার্ষিক পর্যবেক্ষণ ও নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে আইসিসির এলিট প্যানেলে জায়গা পেয়েছেন ৪৭ বছর বয়সী এই শরফুদ্দৌলা।

প্রথম বাংলাদেশি হিসেবে এলিট প্যানেলে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত সৈকত, ‘এটা আমার জন্য গর্বের।’

Advertisement

আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘প্রথম বাংলাদেশি হিসেবে এলিট প্যানেলে জায়গা পাওয়া আমার জন্য খুবই স্পেশাল এবং নায্যতার প্রতিশ্রুতি রক্ষা করে সামনে এগিয়ে যেতে চাই। গত কয়েক বছরের অভিজ্ঞতায় আমি এখন চ্যালেঞ্জটি নিতে প্রস্তুত।’

আইসিসি ও বিসিবিকে ধন্যবাদ জানিয়ে সৈকত আরো বলেন, ‘আমাকে দিকনির্দেশনা ও সাহায্য করার জন্য আইসিসি, বিসিবি ও সহকর্মীদের ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে সমর্থনের জন্য আমার পরিবার ও বন্ধুদেরও ধন্যবাদ জানায়।’

আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডিস বলেছেন, ‘আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নেয়ায় শরফুদ্দৌলাকে অভিনন্দন। সেই সঙ্গে এই প্যানেলে নির্বাচিত হওয়া বাংলাদেশ থেকে প্রথম আম্পায়ারও তিনিই। এটা তার আন্তর্জাতিক ম্যাচ এবং আইসিসি টুর্নামেন্টে বহু বছর ধরে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার।’

প্রসঙ্গত, আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ১৩টি টেস্ট, ৮৫টি ওয়ানডে এবং ৫৯টি টি-২০ ম্যাচ পরিচালনা করেছেন সৈকত। পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে ১০০টি ম্যাচ পরিচালনা করারও কীর্তি আছে তার দখলে।

আইসিসি এলিট প্যানেল আম্পায়ার: কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা), ক্রিস্টোফার গ্যাফফানি (নিউজিল্যান্ড), মাইকেল গফ (ইংল্যান্ড), অ্যাড্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা), রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড), রিচার্ড কেটেলব্রো (ইংল্যান্ড), নীতিন মেনন (ভারত), এহসান রাজা (পাকিস্তান), পল রাইফেল (অস্ট্রেলিয়া), শরফুদ্দৌলা ইবনে সৈকত (বাংলাদেশ), রড টাকার (অস্ট্রেলিয়া), জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ)।

আইসিসি এলিট প্যানেল ম্যাচ রেফারি: ডেভিড বুন (অস্ট্রেলিয়া), জেফ ক্রো (নিউজিল্যান্ড), রঞ্জন মাদুগালে (শ্রীলংকা), অ্যান্ড্রু পাইক্রফট (জিম্বাবুয়ে), রিচি রিচার্ডসন (ওয়েস্ট ইন্ডিজ), জাভাগাল শ্রীনাথ (ভারত)।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: আইসিসি
লিংক সফলভাবে কপি হয়েছে!