ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এমবাপ্পেকে নিয়ে একই প্রশ্নে ‘বিরক্ত’ এনরিকে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৯, ১ এপ্রিল ২০২৪
এমবাপ্পেকে নিয়ে একই প্রশ্নে ‘বিরক্ত’ এনরিকে
ছবি- সংগৃহীত

আগামী জুনেই প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) ডেরা ছাড়বেন কিলিয়ান এমবাপ্পে। এমন ঘোষণা বেশ আগেই দিয়েছিলেন ফরাসি অধিনায়ক। তবে এমন ঘোষণা দেওয়ার পর থেকেই পিএসজির একাদশে অনিয়মিত এই তারকা ফুটবলার। 

লিগের সবশেষ ছয় ম্যাচের পাঁচটিতেই পুরো নব্বই মিনিট খেলা হয়নি এমবাপ্পের। এ নিয়ে প্রতি ম্যাচেই প্রশ্নের মুখোমুখি হতে হয় কোচ লুইস এনরিককে। এতে অবশ্য বিরক্তিই প্রকাশ করেছেন এই স্প্যানিয়ার্ড।

গতরাতেও মার্শেই-এর বিপক্ষে ম্যাচের ৬৫তম মিনিটে তুলে নেয়া হয় এমবাপ্পেকে। তিনি যখন মাঠ ছাড়ছিলেন তখন চোখে-মুখে ছিল হতাশার ছাপ। বোঝাই যাচ্ছিল, কোচের সিদ্ধান্তে অখুশি ছিলেন তিনি।

Advertisement

ম্যাচটিতে মার্শেইকে ২-০ গোলে হারালেও সংবাদ সম্মেলনে এমবাপ্পেকে নিয়েই বেশি কথা বলতে হয়েছে এনরিককে। এ সময় বিরক্তি নিয়ে তিনি বলেন, ‘সপ্তাহের পর সপ্তাহ একই সুর বেজে চলছে। এটা বিরক্তিকর। আমি কোচ, প্রতিদিন আমিই সিদ্ধান্ত নিয়ে থাকি এবং পিএসজিতে শেষ দিন পর্যন্ত আমিই সিদ্ধান্ত নেব। আমি সব সময় পিএসজির জন্য সেরা সমাধান খুঁজে বের করার চেষ্টা করি। কখনো কখনো আমি ভুল হতে পারি, কিন্তু এটাই আমার পছন্দ।’

এমবাপ্পেকে তুলে নিলেও মার্শেই এর বিপক্ষে জিততে অসুবিধা হয়নি পিএসজির। ভিতিনিয়া দলকে এগিয়ে নেয়ার পর বদলি নেমে ব্যবধান বাড়িয়েছেন গঞ্জালো রামোস। 

যদিও ম্যাচের প্রথমার্ধের শেষ মুহূর্তে লাল কার্ড দেখেন লুকাস বেরালদো। এতে বাকি ৫০ মিনিট ধরে ১০ জনের দল নিয়ে খেলেছে পিএসজি।

এই জয়ে দুইয়ে থাকা ব্রেস্তের চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে গেছে পিএসজি। শিরোপা জয় এখন শুধুই সময়ের ব্যাপার।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!