ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

চার বছরের কথা বলে দুই মাসেই ছাঁটাই, পাননি বেতনও

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৭, ৭ এপ্রিল ২০২৪
চার বছরের কথা বলে দুই মাসেই ছাঁটাই, পাননি বেতনও
মোহাম্মদ হাফিজ। ছবি- এএফপি

ভারত বিশ্বকাপে চরম ভরাডুবির পর ব্যাপক রদবদল আসে পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি)। কোচ ও অধিনায়কের চেয়ারে বদল আসে। দলটির দুঃসময়ে টিম ডিরেক্টর হিসেবে পিসিবির পাশে দাঁড়িয়েছিলেন মোহাম্মদ হাফিজ। একই সঙ্গে তিনি অস্থায়ী প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক এ অলরাউন্ডার।

হাফিজের অধীনে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলে পাকিস্তান। অজিদের বিপক্ষে টেস্ট ও কিউেইদের মাটিতে টি-২০ সিরিজে রীতিমতো বিধ্বস্ত হয় মেন ইন গ্রিনরা। 

পিসিবির তৎকালীন চেয়ারম্যান জাকা আশরাফের নেতৃত্বাধীন কমিটি নিয়োগ দিয়েছিল হাফিজকে। তবে নিয়োগের দুই মাস পেরোতে না পেরোতেই ছাঁটাই করা হয় হাফিজকে। 

Advertisement

আশরাফের পরিবর্তে মহসিন নাকভি পিসিবির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার পরেই মূলত চাকরি হারান হাফিজ। সে সময় পিসিবির নতুন নেতৃত্বের প্রতি ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাফিজ জানিয়েছিলেন, ‘তার সঙ্গে চার বছরের চুক্তি করেছিল পিসিবি, কিন্তু নতুন নেতৃত্ব আসায় দুই মাস পরেই তাকে ছাঁটাই করা হয়।’

ঐ ঘটনার পর আবারো নতুন করে আলোচনায় এসেছেন হাফিজ। ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, পিসিবির টিম ডিরেক্টরের পদ হারিয়েছেন এক মাস পেরিয়েছে, কিন্তু এখনো চুক্তির পুরো অর্থ বুঝে পাননি হাফিজ। এর মধ্যে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরের দৈনিক ভাতাও অন্তর্ভুক্ত।

তাদের প্রতিবেদনে আরো বলা হয়েছে, চুক্তিবদ্ধ পাওনা টাকা ফিরে পেতে চেষ্টা চালিয়েছেন হাফিজ। কিন্তু মহসিন নাকভির ব্যবস্থার কারণে এখনো বিষয়টি সমাধান হয়নি। মূলত ব্যস্ত সূচির কারণে সাবেক ক্রিকেটারের সঙ্গে বিষয়টি নিয়ে বসতে পারেননি পিসিবি সভাপতি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!