ঢাকা ছাদের নিচে মুখোমুখি হচ্ছে রিয়াল-সিটি
ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। গুরুত্বপূর্ণ এই ম্যাচটিতে সিটিজেনদের চাপে রাখতে স্টেডিয়ামের ছাদ ঢাকার অনুমিত চেয়েছিল স্বাগতিকরা। লস ব্ল্যাঙ্কোসদের সেই অনুরোধে নাকি রাজি হয়েছে উয়েফা। খবর স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার।
মার্কাতে প্রকাশিত এই খবর সত্যি হলে মঙ্গলবার সান্তিয়াগো বার্নাব্যুতে ঢাকা ছাদের নিচে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। ম্যাচটি হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
চ্যাম্পিয়ন্স লিগের গত মৌসুমের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল রিয়াল ও সিটি। সেবার রিয়ালকে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে বিধ্বস্ত করেছিল সিটিজেনরা।
এবারের চ্যাম্পিয়ন্স লিগে শেষ আটের ম্যাচে আবারো মুখোমুখি হচ্ছে এই দুদল। প্রতিশোধ তুলে নেয়ার ম্যাচে তাই ঘরের মাঠে বাড়তি সুবিধা আদায় করে নিতে চায় লস ব্লাঙ্কোসরা।
বার্নাব্যুতে নিজেদের সমর্থকদের তুমুল সমর্থন এমনিতেই পাবে রিয়াল। সেটিকে সিটির জন্য আরো ভয়ংকর তুলতে স্টেডিয়ামের আবহটা আরো তাতিয়ে দিতে উয়েফার কাছে এই ম্যাচ ছাদ ঢেকে আয়োজনের অনুমতি চেয়েছিল তারা। মার্কার খবর অনুযায়ী, সিটির বিপক্ষে ম্যাচে উয়েফার কাছে অনুমিত চেয়ে ‘হ্যাঁ’ সূচক উত্তর পেয়েছে তারা।
এখন দেখার অপেক্ষা, ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নতুন চাপের মধ্যে আর্লিং হালান্ড, কেভিন ডি ব্রুইন ও রদ্রিরা রিয়ালের বিপক্ষে কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারেন।