বাংলাদেশে পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ
ওয়ানডে বিশ্বকাপের পর থেকে বাংলাদেশের কোচিং প্যানেলের বেশকিছু পদ ফাঁকা ছিল। সেসব পদ ধীরে ধীরে পূরণ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারই ধারাবাহিকতায় স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ হিসেবে নাথান কেলিকে নিয়োগ দিয়েছে বিসিবি।
টাইগারদের কোচ হিসেবে নিয়োগ পাওয়ায় রোববার প্রথমবারের মতো ঢাকার মাটিতে পা রাখেন কেলি। এর একদিন পরেই মিরপুরের হোম অব ক্রিকেটে আসেন এই অস্ট্রেলিয়ান।
টাইগারদের সঙ্গে যেন কাজের প্রবল আগ্রহ নাথানের। সে কারণেই বোধ হয়, ঢাকায় এসে তেমন একটা বিশ্রামও নেননি তিনি। পরেরদিন অর্থাৎ আজ সোমবার সকালেইে নেমেছেন মাঠে।
ঈদের ছুটি কাটিয়ে আজ থেকে পূণরায় মাঠে গড়িয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) খেলা। প্রথম দিন মাঠে নেমেছে আবাহনী লিমিটেড ও প্রাইম ব্যাংক। এই ম্যাচেই নাথানকে দেখা গেছে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচ চলাকালীন সময়েই মাঠে নামেন তিনি। এ সময় নাথানের সঙ্গে ছিলেন ক্রিকেট অপারেশন্সের ম্যানেজার শাহরিয়ার নাফিস।
জানা গেছে, নাথানকে দুই বছরের জন্য স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ হিসেবে নিয়োগ করেছে বিসিবি। এর আগে পেশাদার ক্রিকেট ও রাগবিতে কাজ করেছেন। তাছাড়া চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত ক্রিকেট নিউ সাউথ ওয়েলসে ফিজিক্যাল পারফরম্যান্স কোচ হিসেবে কাজ করেছেন তিনি।
এ ছাড়া এনএসডব্লিউ ব্লুজ, এনএসডব্লিউ পাথওয়েস ও প্রমীলা বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্সের সাথে কাজ করেছেন কেলি।