ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

তিন ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন আবাহনী

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৩০, ২৫ এপ্রিল ২০২৪
তিন ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন আবাহনী
ছবি- সংগৃহীত

শিরোপা নিশ্চিত হয়েছিল আগেই। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। এবার সেটিও সম্পন্ন করলো আবাহনী। এর মধ্য দিয়ে আবারো চ্যাম্পিয়ন শিরোপা ঘরে তুলেছে নাজমুল হোসেন শান্তরা।

বৃহস্পতিবার নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল আবাহনী ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। এই ম্যাচে ১৭১ রানের বিশাল ব্যবধানে গাজী গ্রুপকে হারিয়েছে খালেদ মাহমুদের শিষ্যরা। 

সুপার লিগের দ্বিতীয় ম্যাচেই শিরোপা নিষ্পত্তি হয়ে যাওয়ায় বাকি তিন ম্যাচ আবাহনীর জন্য এখন স্রেফ আনুষ্ঠানিকতার। সব মিলিয়ে টানা ১৩ ম্যাচ অপরাজিত দলটি। 

Advertisement

এদিন আগে ব্যাটিং করে পাঁচ উইকেটে ৩৪৩ রান সংগ্রহ করে আবাহনী। দলের হয়ে সেঞ্চুরি পেয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৮৪ বলে ১০১ রান করেন তিনি। তার ইনিংসটি সাজানো ছিল ৮ চার ও ৬ ছক্কায়।

আবাহনীর রান পাহাড়ে ওঠার পথে বড় কৃতিত্ব আছে এনামুল হক বিজয় ও তাওহীদ হৃদয়েরও। এনামুল ৬৮ ও হৃদয় ৪০ বলে অপরাজিত ৫৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন।

গাজী গ্রুপের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি ঝড় গেছে রুয়েল মিয়ার ওপর দিয়ে। ১০ ওভারে ৭৯ রান দিয়ে এক উইকেট নেন এই বাঁহাতি পেসার।

বড় লক্ষ্য তাড়ায় শুরু থেকেই ছন্নছাড়া ছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স। ইনিংস বড় করতে পারেননি দলটির কোনো ব্যাটারই। তবে সর্বোচ্চ ৬২ রান আসে সাব্বির হোসেন শিকদারের ব্যাট থেকে।

আবাহনীর হয়ে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান। এছাড়া দুটি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব ও মোসাদ্দেক হোসেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!