বাংলাদেশের বিপক্ষে খেলতে আইপিএল ছাড়লেন এই ক্রিকেটার
চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসর। যেখানে পাঞ্জাব কিংসের হয়ে খেলছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। এবার বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে আইপিএল ছাড়লেন এই ক্রিকেটার।
আগামী ৩ মে থেকে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। টাইগারদের বিপক্ষে সেই সিরিজ খেলতে পাঞ্জাবের ডেরা ছেড়েছেন সিকান্দার রাজা।
ক’দিন আগে এক সাক্ষাৎকারে রাজা বলেছিলেন, জিম্বাবুয়ে যদি নাইজেরিয়ার বিপক্ষেও খেলে সেই ম্যাচ খেলতে আইপিএল, পিএসএল ছাড়বেন তিনি। দেশটির অভিজ্ঞ এই ক্রিকেটার নিজের সেই কথা রেখেছেন।
.png)
ফ্র্যাঞ্চাইজি লিগকে বাদ দিয়ে রাজা প্রাধান্য দিয়েছেন নিজ দেশের আন্তর্জাতিক ক্রিকেটকেই। আইপিএল ছাড়ার বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘আমাকে দলে নেয়ার জন্য পাঞ্জাব কিংস, আইপিএল এবং ভারতকে ধন্যবাদ। এখানে প্রতিটি মিনিট উপভোগ করেছি। এখন জাতীয় দলের হয়ে দায়িত্ব পালনের সময়। ইনশা আল্লাহ আবার দেখা হবে।’
চলতি আইপিএলে এখন পর্যন্ত পাঞ্জাব ৯টি ম্যাচ খেলেছে, যার মধ্যে দুইটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন সিকান্দার রাজা। প্রথমটিতে ১৫ এবং দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে করেছিলেন ২৮ রান। গুজরাটের বিপক্ষে ২ ওভার বল করেছেন তিনি। কিন্তু কোনো উইকেটের দেখা পাননি তিনি।