এদিন উদ্বোধনী জুটিতে শতরানের পার্টনারশিপ হলেও ব্যাটিং ব্যর্থতায় ১৪৩ রানে থামতে হয় টাইগারদের। এক পর্যায়ে টাইগারদের পরাজয় দেখছিল অনেকে। কিন্তু বল হাতে দলের দুই অভিজ্ঞ খেলোয়াড় সাকিব ও মুস্তাফিজ পারফর্ম করায় শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
এ ম্যাচে জয় পেলেও নাটকীয় ব্যাটিং ধসে লজ্জার এক রেকর্ড গড়েছে বাংলাদেশ। যা টি-২০র ইতিহাসে নেই আর কারো। শুক্রবার (১০ মে) মিরপুরে শের-ই-বাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করে উদ্বোধনী জুটিতে ১০১ রান করেন তানজিদ তামিম ও সৌম্য সরকার।
.png)
এ দুজনের বিদায়ের পর একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। শেষ ৮ উইকেটের পতন ঘটে মাত্র ৩৫ রানে। ম্যাচে লুক জঙ্গে ৩টি এবং বেনেট ও এনগারাভা ২টি করে উইকেটে শিকার করেন। পুরো ২০ ওভারও খেলতে পারেনি স্বাগতিকরা।
ইনিংসের ১ বল বাকি থাকতেই ১৪৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। আর এতেই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের প্রায় ২০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো এক রেকর্ড গড়ে বাংলাদেশ।
আন্তর্জাতিক টি-২০তে এখন পর্যন্ত খেলা ২৬০১টি ম্যাচের কোনটিতেই প্রথমে ব্যাটিং করে প্রথম উইকেটে ১০০ রানের জুটির পর অলআউট হয়নি কোন দল। লজ্জার যে কীর্তিটাই এবার গড়েছে বাংলাদেশ। অবশ্য অনাকাঙ্খিত এই রেকর্ডের দিনে শেষ পর্যন্ত হাসি নিয়েই মাঠ ছেড়েছে টাইগাররা।