চলতি মৌসুম শেষেই যে পিএসজি ছাড়ছেন এমবাপ্পে, সেকথা জানা গিয়েছিল আগেই। দুদিন আগে এক ভিডিও বার্তায় আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছিলেন এমবাপ্পে নিজেও।
এই মৌসুমে লিগে এখনো তিন ম্যাচ বাকি রয়েছে পিএসজির। তবে একটি ম্যাচও ঘরের মাঠে হবে না। তাই রোববার পার্ক দ্য প্রিন্সেসে তুলুজের বিপক্ষে ম্যাচটি ছিল এমবাপ্পের জন্য বিদায়ী। কিন্তু প্যারিসে শেষটা সুখকর হয়নি তার।
.png)
চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকে বিদায় নিলেও লিগ শিরোপা উদযাপনে পার্ক দ্য প্রিন্সেসে সমর্থকদের ঢল নামে। কিন্তু তাদেরকে হতাশ করে উদযাপনে ব্যাঘাত ঘটিয়েছে তুলুজ। ম্যাচটিতে স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়েছে সফরকারী দলটি।
যদিও অষ্টম মিনিটেই প্যারিসে বিদায়ী ম্যাচে কিলিয়ান এমবাপ্পে গোল শেষটা রাঙানোর আশায় ছিলেন। কিন্তু এরপর তুলুজ একে একে তিন গোল করে জয় ছিনিয়ে নেয়। এবারের লিগে পিএসজির এটা দ্বিতীয় হার।
ক’দিন আগেই এমবাপ্পে ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন। ঘরের মাঠে শেষ ম্যাচ বলে সমর্থকরা দলটির সবচেয়ে বেশি গোল করা খেলোয়াড়কে ট্রিবিউট দিয়েছেন। এমবাপ্পেকে নিয়ে পুরো ম্যাচেই স্লোগানও দিয়েছেন তারা।
এ ব্যাপারে এনরিকে বলেছেন, ‘সমর্থকরা এমবাপ্পেকে যে ট্রিবিউট দিয়েছে সে এসবের প্রাপ্য। বয়স কম হলেও সে ক্লাবের কিংবদন্তি। এখনো কয়েকটি ম্যাচ বাকি আছে। তার জন্য শুভকামনা।’