ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

লারার চোখে বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট যারা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১৯, ১৪ মে ২০২৪
লারার চোখে বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট যারা
ফাইল ফটো

দরজায় কড়া নাড়ছে টি-২০ বিশ্বকাপের নবম আসর। এই টুর্নামেন্টের সময় যতই এগিয়ে আসছে ততই যেন উত্তেজনা বাড়ছে ক্রিকেটপ্রেমীদের মাঝে। সেই সঙ্গে বিশ্বকাপ নিয়ে নানা ধরনের ভবিষ্যদ্বাণী করতে শুরু করেছেন সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা।

এরই মধ্যে বিশ্বকাপের ফেবারিট দল নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন অনেকেই। এবার সে তালিকায় যুক্ত হলেন উইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারা। 

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপে অংশগ্রহণ করবে ২০ দল। যা টি-২০ বিশ্বকাপে এবারই প্রথম। সেই ২০ দল থেকে সেমিফাইনাল খেলবে এমন চার দল বেছে নিয়েছেন ব্রায়ান লারা। যেখানে নিজের দেশ ওয়েস্ট ইন্ডিজকে সেমিতে দেখছেন তিনি।

Advertisement

উইন্ডিজের পাশাপাশি সেমিফাইনালে জায়গা করে নেবে ভারত ও ইংল্যান্ডও বলে মনে করছেন লারা। তবে চতুর্থ দল হিসেবে তিনি যাকে বেছে নিয়েছেন, তা শুনে সকলেই অবাক হবেন। সেমিফাইনালের চতুর্থ দল হিসেবে আফগানিস্তানকে দেখছেন ক্যারিবীয় এই কিংবদন্তি।

বিশ্বকাপের সেমিফাইনাল নিয়ে লারা ভারতীয় সংবাদসংস্থা পিটিআই-কে এক সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের ভালো করা উচিৎ। এই দলে অনেক তারকা ক্রিকেটার আছে এবং দল হয়ে খেললে তারা ভালো করতে পারে। ভারতীয় দল গঠনে অনেক জলঘোলা হলেও, তারা শীর্ষ চারে থাকবে। ইংল্যান্ডও ক্যারিবীয়ান অঞ্চলে উপভোগ্য সময় কাটায়, সমুদ্র সৈকতে ঘুরে এবং তারা সেমিফাইনালে থাকবে। চতুর্থ দল হিসেবে আমি দেখছি আফগানিস্তানকে। তাদের সেই সামর্থ্য আছে।’

শুধু তাই নয়, ফাইনালে কোন দুই দল খেলবে সেটারও ভবিষ্যদ্বাণী করেছেন লারা। ক্যারিবীয় এই কিংবদন্তি বলেন, ‘ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের ফাইনাল হয়তো আমাদের ভুল প্রমাণ করতে পারে, যেমনটা অতীতেও হয়েছিল। ক্যারিবীয় দ্বীপে ২০০৭ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়েছিল ভারত, যা আমাদের আহত করে। আমরা আবারও তেমন কিছু চাই না। তাই ভারত–ওয়েস্ট ইন্ডিজ ফাইনাল হতে যাচ্ছে এবং সেখান থেকে সেরা দলটাই চ্যাম্পিয়ন হবে।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!