ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

‘সেই পর্যায়ে এখনও যাইনি যে সেমিফাইনালে খেলব’

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৭, ১৪ মে ২০২৪
‘সেই পর্যায়ে এখনও যাইনি যে সেমিফাইনালে খেলব’
ছবি- সংগৃহীত

বিশ্বকাপ এগিয়ে এলেই সুর নরম হয়ে যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। বৈশ্বিক আসরকে ঘিরে যখন অন্য দলগুলো বড় পরিকল্পনা সাজাতে ব্যস্ত, ঠিক তখনই উল্টো চিত্র দেখা যায় দেশের ক্রিকেটে। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপের আগমুহূর্তে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছিলেন, ‘এবার নয় বরং ২০২৪ টি-২০ বিশ্বকাপ নিয়ে ধ্যানজ্ঞান বোর্ডের।’

তবে ২০২৪ বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, তখন কিছুদিন আগে নাজমুল হোসেন শান্ত বলেন, ‘আমার একটা অনুরোধ, প্রত্যাশা খুব বেশি রাখার দরকার নেই।’ অর্থাৎ বিশ্বকাপে যাওয়ার আগে আশার বেলুন চুপসে দিতে চাইলেন টাইগার দলপতি।

আজ বিশ্বকাপের দল ঘোষণার পর প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনের কাছে প্রশ্ন ছিল, আগে থেকে কণ্ঠে অসহায়ত্বের সুর মেখে বিশ্বকাপে গিয়ে কতটা ভালো করতে পারবে বাংলাদেশ দল? এর জবাবে তিনি বলেন, ‘আমাদের দেশে ক্রিকেট নিয়ে বিশাল উন্মাদনা আছে। যখন আমরা বড় আসরে খেলিনি তখনও দেখেছি গ্যালারি ভর্তি দর্শক। ১৯৯৭ থেকে সেটা লক্ষ্য করছি। সেই উন্মাদনা এখন ব্যাপকভাবে ডালপালা মেলেছে। সেই আলোকেই হয়তো দলনায়ক এটা বলেছেন।’ 

Advertisement

গাজী আশরাফ বলেন, ‘টি-২০ ক্রিকেটে আমরা সেই পর্যায়ে এখনও যাইনি যে সেমিফাইনালে দলটাকে ধরে নিতে পারবেন। তিনি যেটা বলতে চেয়েছেন ধাপে ধাপে এগোনোর জন্য। বাস্তব শক্তির আলোকেই তিনি এই কথা বলার চেষ্টা করেছেন।’

তবে বিশ্বকাপ শুরুর আগে আশা হারাচ্ছেন না জাতীয় দলের প্রধান নির্বাচক, ‘আমরা আশা করি প্রথম রাউন্ড পার হয়ে দ্বিতীয় রাউন্ডে যেন খেলতে পারি। তখন আবার প্রচেষ্টা থাকবে পরের ধাপে যাওয়ার।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!