ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

বিশ্বকাপে যে পজিশনে ব্যাটিং করবেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪৫, ১৬ মে ২০২৪
বিশ্বকাপে যে পজিশনে ব্যাটিং করবেন সাকিব
সাকিব আল হাসান

আগামী ১ জুন থেকে শুরু হবে টি-২০ বিশ্বকাপ। এই টুর্নামেন্টকে ঘিরে নানান গড়িমসির পর বিশ্বকাপ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর বুধবার মধ্য রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দিয়েছে বাংলাদেশ দল। 

সময়ের হিসেবে আর মাত্র ১৬ দিন পর টি-২০ বিশ্বকাপের নবম আসরের পর্দা উঠছে। অথচ ব্যাটিং অর্ডার কেমন হবে তা এখনো নির্ধারণ করতে পারেনি বাংলাদেশ দল। তবে কোচ ও অধিনায়কের ভাষ্যমতে, প্রতিপক্ষ ও কন্ডিশন অনুযায়ী পরিবর্তন হতে পারে ব্যাটিং অর্ডার। সেই সঙ্গে অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানকে তিনে নামানোর বিষয়টি বিবেচনাধীন।

সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক টি-২০তে ছয়ে ব্যাট করছেন টাইগারদের সাবেক এই অধিনায়ক। যদিও অতীতে টপঅর্ডারে তার পারফরম্যান্স তুলনামূলক ভালো ছিল।

Advertisement

পরিসংখ্যান বলছে, আন্তর্জাতিক টি-২০তে ৪২ বার তিনে ব্যাটিং করেছেন সাকিব। যেখানে   ২৯.৩২ গড়ে ১২৩.১৫ স্ট্রাইক রেটে করেছেন ১ হাজার ০৮৫ রান। চারে রান ও গড় কমলেও স্ট্রাইক রেট বেশি। সবমিলিয়ে ৪৪ ইনিংসে ২২.৫৬ গড়ে ও ১২৭.১৬ স্ট্রাইক রেটে ৮৮০ রান তুলেছেন তিনি।

এছাড়া পাঁচে ব্যাট হাতে তার দ্যুতি বেশ কম। মাত্র ১৬.২৬ গড়ে ১১০.৭৫ স্ট্রাইক রেটে পেয়েছেন ৩০৯ রান। খুব বেশি ম্যাচে ছয় নম্বরে নামেননি। মাত্র ৯১ রানের বেশি না পেলেও গড় ছিল ৩০.৩৩, স্ট্রাইক রেট ১৩০।

কুড়ি ওভারের সংস্করণে ১২টি হাফ সেঞ্চুরি করেছেন সাকিব, যার ৭টিই তিনে নেমে হাঁকিয়েছেন। তবে গত কয়েক সিরিজে তার পছন্দের তিন নম্বরে ব্যাটিং করছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। যদিও গত বিশ্বকাপে ওপেনার হিসেবে খেলেছেন এই বাঁহাতি।

টাইগার কোচ কোচ চণ্ডিকা হাথুরুসিংহের মতে, দলের কোনো ব্যাটারেরই বিশ্বকাপে ব্যাটিং পজিশন নির্ধারিত নয়। তিনি বলেন, ‘টি-২০ ক্রিকেটে ব্যাটিং অর্ডার পরিবর্তন হবে। এটাই সাধারণ ক্রিকেট। কোথায় ব্যাট করেন এবং কতটা ভালো ব্যাট করেন, সেটাই আসল ব্যাপার।’

অধিনায়ক শান্ত বলেছেন, ‘সাকিব তিনে ব্যাট করবেন কিনা, এটা নির্ভর করছে কন্ডিশন এবং প্রতিপক্ষের শক্তির উপর। ওনার তিনে নামার বিষয়টা ঘটতে পারে।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!