আসন্ন টি-২০ বিশ্বকাপ নিয়ে খুব বেশি আশার বেলুন ওড়াননি নাজমুল হোসেন শান্তরা। কুড়ি ওভারের টুর্নামেন্টে দলের লক্ষ্য নিয়ে সবাই কথা বলেছেন বেশ রয়েসয়ে। সেখানে অবশ্য একটু ব্যতিক্রমই বলা যায় তরুণ তুর্কি তাওহীদ হৃদয়কে।
দেশ ছাড়ার আগে বিসিবির এক ভিডিও বার্তায় ক্রিকেটাররা একে একে নিজেদের চাওয়া-পাওয়ার কথা জানিয়েছেন। সেখানে হৃদয় বলেন, ‘বিশ্বকাপের মতো জায়গায় ভালো করা, আসলে ভালো করা নয়, কাপ নিতে চাই। আর এটা শুধু আমি না সবাই চাই।’
.png)
সাকিব আল হাসান অবশ্য দলীয় লক্ষ্যের কথা বলেননি। অভিজ্ঞ এই ক্রিকেটারের চাওয়া দলে অবদান রাখা, ‘একটা জিনিসই চাই যেন বাংলাদেশের হয়ে অবদান রাখতে পারি। এ বিশ্বকাপে যেন বাংলাদেশের হয়ে ভালো কিছু করতে পারি।’
বিশ্বকাপে বাংলাদেশ দলের সহ-অধিনায়ক তাসকিন আহমেদের চাওয়া একটু ভিন্ন, ‘আমি খুব বিশ্বাস করি আমাদের দল নিশ্চিতভাবেই দ্বিতীয় রাউন্ডে যাবে। ইনশা আল্লাহ।’
সবার সমর্থন চান পেসার মুস্তাফিজুর রহমান, ‘আমাদের সঙ্গে থাকুন যেন আপনাদের ভালো খেলা উপহার দিতে পারি। দেশকেও জেতাতে পারি।’
অধিনায়ক নাজমুল চান দল হিসেবে ভালো খেলা, ‘দল হিসেবে অনেক ভালো ক্রিকেট খেলতে চাই। অনেক ভালো জায়গায় যেতে চাই।’
প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া মাহমুদ উল্লাহ রিয়াদ বলেছেন, ‘আমি আশাবাদী ওর (নাজমুল) যে নেতৃত্বগুণ আছে, ও বাংলাদেশের জন্য ভালো করবে।’
আগামী ৮ জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলংকা। ম্যাচটি হবে ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে, ভোর সাড়ে ৬টায়।