ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যেভাবে মুস্তাফিজুরের নাম ‘ফিজ’ হলো

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৯, ১৯ মে ২০২৪
যেভাবে মুস্তাফিজুরের নাম ‘ফিজ’ হলো
মুস্তাফিজুর রহমান

দেশের ক্রিকেটে মুস্তাফিজুর রহমানের আগমন অনেকটা ধূমকেতুর মতো। তবে তিনি হারিয়ে যাননি। বরং অনবদ্য পারফরম্যান্সে হয়ে উঠেছেন দলের বোলিং আক্রমণের অন্যতম নেতা। তার বোলিংয়ের ধার হয়তো ক্যারিয়ারের শুরুর মতো নেই, তবে এখনো তিনি ঠিকই টি-২০তে ডেথ ওভারের জন্য বিশেষজ্ঞ পেসার।

সবশেষ আইপিএলেও নিজের যোগ্যতার প্রমাণ দেখিয়েছেন মুস্তাফিজ। এরপর ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষের শেষ সিরিজে সেই ফর্ম টেনে আনেন তিনি। ভালোবেসে সতীর্থ থেকে শুরু করে সমর্থকদের কাছে তিনি ‘ফিজ’ নামেই পরিচিত। এই নামটি কিভাবে এলো, সেটা জানিয়েছেন ২৮ বছর বয়সী পেসার।

বিশ্বকাপ উপলক্ষ্যে বাংলাদেশের ক্রিকেটারদের লক্ষ্য ও ব্যক্তিগত নানা বিষয়ে ধারাবাহিকভাবে সাক্ষাৎকার প্রকাশ করে আসছে বিসিবি। আগে ধারণকৃত মুস্তাফিজের সাক্ষাৎকারটি সংস্থাটির অফিসিয়াল ফেসবুক পেজে আজ (রোববার) প্রকাশ করা হয়েছে।

Advertisement

সেখানে শুরুতেই মুস্তাফিজুর বলেন, ‘দেশের হয়ে খেলা তো গৌরবের বিষয়। আমি সবসময় এনজয় করি দেশের হয়ে খেলাটা। আরও ভালো লাগার বিষয় হলো টি-২০। কারণ এই ফরম্যাটটা বেশ প্রেশারের, এই কারণে ভালো লাগে আমার। প্রেশারটা অনেক এনজয় করি।’

এরপর তিনি বলেন, ‘দেশের পতাকা যেখানে থাকে, সেখানে যে কারোরই খেলতে পারা ভালো লাগবেই স্বাভাবিক। আমাদের যে পেস বোলাররা আছে যেমন তাসকিন, শরিফুল, সাইফউদ্দিন, হাসান; আমি যতটুকু শিখছি সেগুলো ওদের সাথে শেয়ার করব। তাতে যদি আমাদের আরেকটু উন্নতি হয়।’

এরপরই নিজের সংক্ষিপ্ত ফিজ নামটা কিভাবে এলো সেটা জানান মুস্তাফিজ। তিনি বলেন, ‘আমাদের যে বোর্ডটা আছে ফিল্ডিং সেশন বা বোলিং সেশনে সবার নাম থাকে যেখানে, সেখানে আমার নাম পুরোটা লিখলে অনেক বড় হয়ে যায়। এজন্য দেখি ফিজ দিয়ে (লেখা)।’

এরপর এ পেসার বলেন, ‘প্রথমদিন আমি বুঝিনি যে এটা কে। পরে বলছে এটা তুমি। তারপর আমি আইপিএলে খেলতে গেছিলাম ২০১৬–তে, ওখানেও ফিজটা পপুলার হয়ে গিয়েছিল। তারপর থেকে চলতেছে....।’

বাংলাদেশের হয়ে ট্রফি জয়ের আক্ষেপ রয়েছে বলেও জানান ফিজ, ‘যখন কেউ বড় ট্রফি বা টুর্নামেন্টে জিতে, তাকেই বড় প্লেয়ার বলা হয়। সেই আক্ষেপ তো সব সময়ই রয়ে গেছে। ভালো করার শেষ নেই, চেষ্টা করব পেছনে (অতীতে) যা করছি, তার চেয়েও যেন আরো ভালো করতে পারি। আমরা কোনো বিষয়ে আটকে গেলে সাকিব ভাই–রিয়াদ ভাইদের কাছ থেকে জেনে সিদ্ধান্ত নিতে পারব।’

মুস্তাফিজ এখন পর্যন্ত দেশের জার্সিতে ৯৩টি আন্তর্জাতিক টি-২০ খেলেছেন। যেখানে ৭.৫৭ ইকোনমিতে ১১০ উইকেট নিয়েছেন এই কাটার মাস্টার। আসন্ন টি-২০ বিশ্বকাপে শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদদের সঙ্গে বাংলাদেশের বোলিং বিভাগে ভালো পারফরম্যান্স উপহার দিতে ভূমিকা রাখতে হবে ফিজকেও। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!