বুন্দেসলিগা ইতিহাসে প্রথম দল হিসেবে লেভারকুসেনের রেকর্ড
বুন্দেসলিগা ইতিহাসের প্রথম দল হিসেবে পুরো মৌসুম অপরাজিত থেকে লিগ শেষ করার বিরল কৃতিত্ব অর্জন করেছে বায়ার লেভারকুসেন। শনিবার ঘরের মাঠে মৌসুমের শেষ ম্যাচে অসবার্গকে ২-১ গোলে হারিয়ে সব মিলিয়ে ৫১ ম্যাচে অপরাজিত থেকে এবারের মৌসুম শেষ করেছে দলটি।
এর আগে গত মাসে ইতিহাসে প্রথমবারের মত বুন্দেসলিগা শিরোপা নিশ্চিত করেছিল লেভারকুসেন। ভিক্টর বোনিফেস ও রবার্ট অ্যান্ড্রিচের প্রথমার্ধের গোলে লেভারকুসেনের জয় নিশ্চিত হয়। এ সপ্তাহে ইউরোপা লিগের ফাইনালে আটালান্টা ও জার্মান কাপের ফাইনালে ক্লেইসারস্লটার্মের মুখোমুখি হবে জাবি আলোনসোর দল। যে কারণে এখনো তাদের সামনে ট্রেবল জয়ের ভাল সম্ভাবনা রয়েছে।
কাল ম্যাচ শেষে লেভারকুসেন কোচ আলোনসো বলেছেন, ‘এটাই আমাদের প্রাপ্য ছিল। ব্রেমেনের বিপক্ষে শিরোপা নিশ্চিতের পর এটাই আমাদের মূল লক্ষ্য ছিল। আমি এই দল নিয়ে দারুণ গর্বিত, দারুন সন্তুষ্ট ও খুশি। আমরা এখন এই শিরোপা উৎসব কিছুক্ষণের জন্য পালন করতে চাই। এরপর কাল থেকে নতুনভাবে আবারো দুই ফাইনালের প্রস্তুতি শুরু করতে হবে।’
.png)
এছাড়া বুন্দেসলিগার শেষ দিনে অপর ম্যাচে হেইডেনহেইমের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়ে রেলিগেটেড হয়ে গেছে কোলন। ফ্রেইবার্গের বিপক্ষে স্টপেজ টাইমে গোল করে ২-১ ব্যবধানের জয়ের মাধ্যমে কোনমতে রেলিগেশন এড়িয়েছে ইউনিয়ন বার্লিন।
ওয়ার্ডার ব্রেমেনের কাছে ৪-১ গোলে হারার কারণে বোখামকে দ্বিতীয় বিভাগের ফর্চুনা ডাসেলডর্ফের বিপক্ষে দুই লেগের রেলিগেশন প্লে অফে খেলতে হবে। এই ম্যাচের পরাজিত দলকে আগামী মৌসুমে কোলন ও ডার্মস্টাডের সাথে দ্বিতীয় বিভাগে খেলতে হবে।
এদিকে সেরহু গুইরাসির জোড়া গোলে স্টুটগার্ট ঘরের মাঠে ৪-০ গোলে বরুসিয়া মনশেনগ্ল্যাডবাখকে বিধ্বস্ত করেছে। এই জয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করলো স্টুটগার্ট।
মৌসুমের শেষ দিনের হতাশা বায়ার্ন মিউনিখের পিছু ছাড়েনি। হফেনহেইমের কাছে ৪-২ গোলের পরাজয় দিয়ে মৌসুম শেষ করেছে বায়ার্ন। ৩৪ ম্যাচে এক পয়েন্টে স্টুটগার্টের থেকে পিছিয়ে টেবিলের তৃতীয় স্থানে থেকে লিগ শেষ করলো বাভারিয়ান্সরা।