বর্তমানে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলছে পাকিস্তান। এই সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছিল মেন ইন গ্রিনরা। সেখানে থেকেই বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল চূড়ান্ত করার কথা ছিল। কিন্তু প্রাথমিক দলে থাকা পেসার হাসান আলীকে বাদ দিয়েছে তারা। ফলে আসন্ন বিশ্বকাপে জাতীয় দলের জার্সিতে খেলা হচ্ছে না ডানহাতি এ পেসারের।
হাসানকে বাদ দেওয়ার কারণ সম্পর্কে অবশ্য পিসিবি জানিয়েছে, ‘টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে হাসানের সঙ্গে কাউন্টি (ইংল্যান্ডের) ক্রিকেটের যে প্রতিশ্রুতি রয়েছে, সেটি যেন তিনি সম্পন্ন করতে পারেন। প্রাথমিকভাবে হারিস রউফ ইনজুরিতে থাকায় তার ব্যাক–আপ হিসেবে প্রাথমিক দলে রাখা হয়েছিল তাকে।’
.png)
পাকিস্তান স্কোয়াডের এই পরিবর্তন এনেছিল ইংল্যান্ডের বিপক্ষে গতকাল সিরিজের প্রথম টি-২০র আগে। যদিও লিডসে নির্ধারিত ম্যাচটি আর বৃষ্টির কারণে মাঠে গড়াতে পারেনি। সিরিজের দ্বিতীয় টি-২০ আগামী ২৫ মে বার্মিংহামে অনুষ্ঠিত হবে।
এর আগে সর্বশেষ ১৪ মে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছেন হাসান। যেখানে ৪২ রান খরচ করলেও, ছিলেন উইকেটশূন্য। এখন তিনি বাদ পড়ায় পাকিস্তান স্কোয়াড এখন ১৭ জনে নেমে এসেছে। যেখান থেকে ১৫ জনের চূড়ান্ত স্কোয়াড এবং রিজার্ভ ক্রিকেটার বেছে নেবে পাকিস্তানের নির্বাচক কমিটি।