ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে জিতল কানাডা, ওমান ও নামিবিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:০১, ২৮ মে ২০২৪
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে জিতল কানাডা, ওমান ও নামিবিয়া
ফাইল ছবি

টি-২০ বিশ্বকাপের প্রথম অফিসিয়াল প্রস্তুতিমূলক ম্যাচে জয় পেয়েছে কানাডা, ওমান ও নামিবিয়া। সোমবার রাতে ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে নেপালের বিপক্ষে ৬৩ রানের জয় পেয়েছে কানাডা।

টস হেরে প্রথমে ব্যাট করে নিকোলাস কির্টনের হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৭ উইকেটে ১৮৩ রানের বড় সংগ্রহ পায় কানাডা। কির্টন ৩৯ বলে ৫২ রান করেন। এছাড়া আট নম্বরে নেমে রবিন্দরপাল সিং ১৭ বলে অপরাজিত ৪১ রান করেন। নেপালের অবিনাশ বোহারা ২ উইকেট নেন।

জবাব দিতে নেমে কানাডার পেসার ডিলন হেইলিগারের বোলিং তোপে ৩ বল বাকি থাকতে ১২০ রানে অলআউট হয় নেপাল। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন কুশল মাল্লা। হেইলিগার ২০ রানে ৪ উইকেট নেন।

Advertisement

আজ দিনের প্রথম ম্যাচে ওমান ৩ উইকেটে হারিয়েছে পাপুয়া নিউ গিনিকে। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৩৭ রানের মামুলি সংগ্রহ পায় পাপুয়া নিউ গিনি।

দলের পক্ষে ওপেনার লেগা সিয়াকা সর্বোচ্চ ২৮ রান করেন। ওমানের লেগ স্পিনার আকিব ইলিয়াস ২২ রানে ৩ উইকেট নেন। ১৩৮ রানের টার্গেট স্পর্শ করতে শেষ ওভার পর্যন্ত লড়াই করতে হয়েছে ওমানকে।

জিশান মাকসুদের ৪৫, খালিদ কাইলের ২৭ ও মোহাম্মদ নাদিমের ১১ বলে অপরাজিত ২২ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে ওমান। দিনের আরেক ম্যাচে ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে উগান্ডাকে ৫ উইকেটে হারিয়েছে নামিবিয়া।

টস হেরে প্রথমে ব্যাট করে রজার মুকাসার ৪১ বলে ৫১ রানের উপর ভর করে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৪ রান করে উগান্ডা। জবাবে ওপেনার নিকোলাস ডেভিনের ৩টি চার ও ৫টি ছক্কায় ৩৪ বলে গড়া ৫৪ রানের ইনিংসে জয় পায় নামিবিয়া।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!