চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্বকাপের জার্সি ডিজাইনের এক প্রতিযোগিতার আয়োজন করে উগান্ডা। শেষমেশ ডিজাইনার এলিজা মাঙ্গেনি তাতে প্রথম স্থান লাভ করেন। ঐ ডিজাইনে পরে বানানো হয় উগান্ডার জার্সি। জার্সির হাতায় ক্রেনসের পালকযুক্ত প্যাটার্ন ছিল।
নিজেদের দেশসহ বিশ্ববাসীর কাছে সমাদৃত হয়েছিল ক্রিকেট ক্রেনসদের জার্সির ডিজাইন। তবে কপাল মন্দ! স্পন্সর প্রতিষ্ঠানের লোগো জুড়ে দেওয়ার গাইডলাইন অনুসরণ করতে গিয়ে বদল করতে হয়েছে সেই নকশাটি।
.png)
উজ্জ্বল রঙের হওয়ার কারণে মূলত স্পনসরের লোগো বোঝা যাচ্ছিল না ভালোভাবে। আইসিসি উগান্ডাকে জানায়, জার্সিটি তাদের প্রয়োজনীয়তা মেটাতে পারেনি। এরপর উগান্ডা ক্রিকেট থেকে হাতার সেই ডিজাইন প্রায় মুছেই ফেলার সিদ্ধান্ত নেয়া হয়।
এ নিয়ে উগান্ডার ক্রিকেট অ্যাসোসিয়েশনের জনসংযোগ কর্মকর্তা মুসালি দেনিশ বলেন, ‘আইসিসি ডিজাইনে একটা বদল আনতে বলেছিল কিন্তু প্রয়োজনীয় বদল করার জন্য আমাদের হাতে যথেষ্ট সময় ছিল না এবং বিজয়ী নির্বাচিত হওয়া ডিজাইনটিতে কিছু আপোস করতে হয়েছিল। আমরা শুধু ২০ ভাগের মতো মূল ডিজাইন থেকে হারিয়েছি, কিন্তু ডিজাইনের বাকিটুকু যেমন ছিল তেমনই আছে।’