ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

লিটনকে ‘সর্বকালের সেরা’ ক্রিকেটারের সঙ্গে তুলনা অশ্বিনের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৩৫, ১ জুন ২০২৪
লিটনকে ‘সর্বকালের সেরা’ ক্রিকেটারের সঙ্গে তুলনা অশ্বিনের
কোলাজ- ডেইলি বাংলাদেশ

ব্যাট হাতে মোটেও ছন্দে নেই লিটন দাস। বিশ্বকাপের আগে বাজে পারফরম্যান্সের কারণে সমালোচিত হয়েছিলেন। তবে সবকিছুকে পাশ কাটিয়ে যুক্তরাষ্ট্রের বিমান ঠিকই ধরেছেন তিনি। সেখানে পৌঁছে প্রহর গুনছেন দেশের জার্সিতে আরেকটি বিশ্বকাপ খেলার। 

বিশ্বকাপের মূল পর্বের আগে অবশ্য শনিবার রাতে ভারতের বিপক্ষে আনুষ্ঠানিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ম্যাচটিতে শেষবারের মতো নিজেকে প্রমাণের সুযোগ পাবেন লিটন, এমনটা আশা করা যায়। তবে ব্যাট হাতে ফের ব্যর্থ হলে বিশ্বকাপ একাদশে জায়গা পাওয়া কঠিন হবে ডানহাতি এ ব্যাটারের।

ভারতের বিপক্ষে মাঠে নামার আগে লিটনকে উইন্ডিজ কিংবদন্তি স্যার গ্যারি সোবার্সের সঙ্গে তুলনা করেছেন ভারতীয় স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। লিটনের ব্যাটিং দেখে নাকি অশ্বিনের ডানহাতি সোবার্সের কথা মনে পড়ে।

Advertisement

নিজের ইউটিউব চ্যানেল রবিন উথাপ্পার সঙ্গে এক আলোচনায় অশ্বিন বলেন, ‘বাংলাদেশ পুনেতে ভারতের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচ খেলেছিল। আমি কখনই গ্যারি সোবার্সকে ডান হাতে ব্যাটিং করতে দেখিনি। তারা যদি আমাকে বলতো সে (লিটন) গ্যারি সোবার্সের মতো ডানহাতে ব্যাটিং করছে, তাহলে আমি বলতাম হ্যাঁ, তুমি ঠিক বলেছ।’

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে সে ম্যাচে একাদশে সুযোগ না পাওয়ায় ডাগ আউটে বসে লিটনের ব্যাটিং দেখেছিলেন অশ্বিন। ম্যাচটিতে ৮২ বলে ৬৬ রানের ইনিংস খেলেন লিটন।

২০২২ সালটা স্বপ্নের মতো কাটান লিটন। তিন সংস্করণ মিলে ৪২ ম্যাচে ৪০.০২ গড়ে করেন ১ হাজার ৯২১ রান। পরের বছর ডানহাতি এই ওপেনারের ব্যাট থেকে আসে ১ হাজার ১১৫ রান। অথচ চলতি বছরে ব্যাট হাতে রানের দেখাই পাচ্ছেন না। ৮টি টি-২০ খেলে মোটে ৯৩ রান করেছেন লিটন। ব্যাটিং গড় ১৩.২৮। সর্বোচ্চ ইনিংসটি ৩৬ রানের। স্ট্রাইক রেট একশোর নিচে।

লিটনের আসলে কোথায় সমস্যা হচ্ছে? অশ্বিন বলেন, ‘লিটনকে দেখলে মনে হয় কী দারুণ খেলোয়াড়। কিন্তু সে বিশ্বের সেরা ক্রিকেটারদের মতো কেন হতে পারছে না?’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!