ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ডর্টমুন্ডের স্বপ্নভঙ্গ করে ১৫তম শিরোপা রিয়ালের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:৩৭, ২ জুন ২০২৪
ডর্টমুন্ডের স্বপ্নভঙ্গ করে ১৫তম শিরোপা রিয়ালের
ছবি- উয়েফা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাজা রিয়াল মাদ্রিদ। সেই কথা আরো একবার প্রমাণ করলো লস ব্ল্যাঙ্কোসরা। ওয়েম্বলিতে বরুশিয়া ডর্টমুন্ডের স্বপ্নভঙ্গ করে ১৫তম শিরোপা উঁচিয়ে ধরেছে স্প্যানিশ জায়ান্টরা।

লন্ডনের ওয়েম্বলিতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ড। ম্যাচটিতে ২-০ ব্যবধানে জয়ে শিরোপা উচ্ছ্বাসে মেতে ওঠে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

ওয়েম্বলি স্টেডিয়ামে অবশ্য শুরুটা দূর্দান্ত করেছিল বরুশিয়া ডর্টমুন্ড। একের পর আক্রমণে রিয়ালকে চাপে রাখে এডিন টেরজিকের দল। তবে দ্বিতীয়ার্দে দারুণভাবে ঘুরে দাঁড়ায় চ্যাম্পিয়ন্স লিগের রাজারা।

Advertisement

ম্যাচের ১৩তম মিনিটে রিয়ালকে বিপদে ফেলতে পারত ডর্টমুন্ড। কিন্তু জুলিয়ান ব্র‍্যান্ড প্রতিপক্ষের রক্ষণে ফাঁকায় বল পেলেও তা শট নিতে দেরি করেন। রিয়ালের এক ডিফেন্ডার বাঁধা দেয়ার চেষ্টা করলে ঠিকঠাক শট নিতে পারেননি। বল চলে যায় বেশ বাইরে দিয়ে।

এরপর মধ্যমাঠের বলের দখল নেয়ার চেষ্টায় থাকে রিয়াল। সুযোগের খোঁজে থাকে লস ব্ল্যাঙ্কোসরা। ২১তম মিনিটে অবশ্য আরেকবার সুযোগ পায় ডর্টমুন্ড। কিন্তু এবার থিবো কোর্তোয়াকে একা পেয়েও বল জালে পাঠাতে পারেনি করিম আদেয়েমি।

দুই মিনিট পর আবারো রক্ষা পায় রিয়াল। এবার তাদের বাঁচিয়েছে গোলপোস্ট। কামাভিঙ্গার কাছ থেকে বল কেড়ে নিয়ে দারুণ পাস বাড়ান ম্যাটসেন।

সেই বল অফসাইড ফাঁদ ভেঙে পেয়ে যান নিকলাস ফুলক্রুগ, আগোয়ান গোলরক্ষকও ফাঁকিও দেন তবে তার শট সাইডবারে লেগে ফিরে আসে। তাতে হতাশা বাড়ে ডর্টমুন্ড শিবিরে।

বিরতি থেকে ফিরেই ডর্টমুন্ডের রক্ষণ কাঁপায় রিয়াল। ফ্রিকিকে টনি ক্রুসের প্রচেষ্টা অবশ্য ঝাঁপিয়ে ফেরান গোলরক্ষক গ্রেগর কোবেল। এরপর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিতে থাকে রিয়াল। দশ মিনিটের ব্যবধানে ডর্টমুন্ডের স্বপ্ন ভেঙে ম্যাচ নিজেদের করে নেয় কার্লো আনচেলোত্তির শিষ্যরা। 

ম্যাচের ৭৪তম মিনিটে টনি ক্রুসের কর্নারের দূরের পোস্টে দারুণ হেডে জাল খুঁজে নিয়ে রিয়াল সমর্থকদের স্বস্তি এনে দেন কার্ভাহাল। আর ৮৩তম মিনিটে ব্যবধান বাড়িয়ে রিয়ালকে শিরোপার আনন্দে ভাসান ভিনিসিয়ুস জুনিয়র।

এই প্রতিযোগিতায় সাফল্যের বিচারে রিয়াল মাদ্রিদ চলে গেল ধরাছোঁয়ার বাইরে। সবশেষ ১০ বছরে ছয়বার ফাইনাল খেলে সবক’টি ফাইনালই জিতল রিয়াল। আর সবমিলিয়ে এটি ১৫তম শিরোপা। তাদের পেছনে থাকা এসি মিলান জিতেছে সাতবার। তাদের থেকেও দ্বিগুনের বেশি শিরোপা রিয়ালের। 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!