বিশ্বকাপে নিজেদের সেরার পারফরম্যান্স উপহার দেওয়ার আগে যুক্তরাষ্ট্রের একটি ইসলামিক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সাকিব আল হাসান-মাহমুদউল্লাহ রিয়াদরা। এ সময় তাদের সঙ্গী ছিলেন দুই তরুণ পেসার তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।
সেই ইসলামিক অনুষ্ঠানে সাকিব-রিয়াদরা মূলত উপস্থিত হয়েছিলেন একটি মসজিদের নির্মাণের জন্য তহবিল সংগ্রহে সহযোগিতা করতে। এটি ছিল ডালাসের টেক্সাসে অবস্থিত অ্যালেন মসজিদের নির্মাণ কাজের জন্য তহবিল সংগ্রহের একটি অনুষ্ঠান।
.png)
এদিন স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় কোরআন তেলাওয়াতের আয়োজন করে ইসলামি অ্যাসোসিয়েশন অব অ্যালেন। এমন ধর্মীয় কাজে ক্রিকেটারদের পেয়ে খুশি ছিল আয়োজকরা।
জানা গেছে, ইসলামিক অনুষ্ঠানের টিকিটের মূল্য ছিল ২০ ডলার। অনুষ্ঠানে সবমিলিয়ে শতাধিক মানুষ হাজির হয়েছিলেন। এখান থেকে সংগৃহীত অর্থ দেওয়া হয়েছে মসজিদ নির্মাণের জন্য গঠিত তহবিলে।
প্রসঙ্গত, আগামী ৮ জুন শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। আর ১০ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে নাজমুল হোসেন শান্তর দল।
এরপর গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ খেলতে উইন্ডিজে যাবে বাংলাদেশ। সেখানে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।