মেসি খেলছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে। আর সৌদি প্রো লিগে পাড়ি দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমার। দূরত্ব বাড়লেও একে অপরের নিয়মিত খবর রাখছেন তারা।
সম্প্রতি সৌদি কিংস কাপের ফাইনালে রোনালদোর আল নাসরকে হারিয়েছে নেইমারের ক্লাব আল হিলাল। ম্যাচটিতে নাসরকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতে নেয় আল হিলাল। অবশ্য ম্যাচে খেলতে না পারলেও গ্যালারিতে বসে দলকে উৎসাহ দিয়েছেন চোটাক্রান্ত নেইমার।
.png)
এরপর এব টকশো’তে এসে মেসির সম্পর্কে জিজ্ঞেস করা হলে নেইমার বলেন, ‘আমরা অনেক দূরে; কিন্তু প্রতিনিয়ত কথা বলি, অনেক কথা বলি। গতকালও তিনি আমাকে মেসেজ দিয়েছেন। আমরা দুজন দুজনকে নিয়ে খুশি। আমি যখন ট্রফি জিতলাম সেদিনও মেসি আমাকে মেসেজ দিয়ে অভিনন্দন জানিয়েছে।’
আর্জেন্টাইন অধিনায়ককে নিজের আইডল মেনে নিয়ে নেইমার বলেন, ‘সে অসাধারণ একজন মানুষ। মনে হয় আমার প্রতিচ্ছবি। আমার আইডল। আইডলের পাশাপাশি সে আমার অনেক ভালো বন্ধুও।’
উল্লেখ্য, ইনজুরির কারণে চলতি মৌসুমে মাত্র ৫ ম্যাচ খেলেন নেইমার। বড় ইনজুরি থেকে তিনি আগস্ট মাসে মাঠে ফিরবেন বলে নিশ্চিত করেছে আল হিলাল কর্তৃপক্ষ।