আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে পাকিস্তান
স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে পাকিস্তান। প্রথমবারের মত টি-২০ ফরম্যাটে মুখোমুখি হবে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র।
এরই মধ্যে দুর্দান্ত জয় দিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী পাকিস্তানকে চমকে দিতে চায় তারা। ডালাসে ‘এ’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে খেলতে নামবে দুই দল।
স্বাগতিক দেশ হিসেবে এবারের বিশ্বকাপে খেলতে নেমেই দারুণ শুরু করেছে যুক্তরাষ্ট্র। কানাডার বিপক্ষে ৭ উইকেটে জয় তুলে নেয় তারা। কানাডার করা ৫ উইকেটে ১৯৪ রানের টার্গেট ১৪ বল বাকি রেখে স্পর্শ করে রেকর্ড জয়ের স্বাদ নেয় দলটি।
দলের জয়ে বড় অবদান রাখেন অ্যারন জোন্স ও আন্দ্রেস গাউস। জোন্স ৪০ বলে অপরাজিত ৯৪ এবং গাউস ৪৬ বলে ৬৫ রান করেন। কানাডার বিপক্ষে দুর্দান্ত জয়ের পর পাকিস্তান ও ভারতকে হারানোর ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল।
নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারাতে বিশেষ কিছু পরিকল্পনা সাজিয়েছে যুক্তরাষ্ট্র। মাঠের লড়াইয়ে সেগুলো কাজে লাগাতে মরিয়া তারা। তবে কাগজে-কলমে ফেবারিট ২০০৯ আসরের চ্যাম্পিয়ন পাকিস্তানই।
পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব, ফখর জামান, উসমান খান, আজম খান, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, মোহাম্মদ আমির, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, আব্বাস আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।
যুক্তরাষ্ট্র দল: মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোন্স, আন্দ্রেস গাউস, কোরি অ্যান্ডারসন, আলী খান, হারমিত সিং, জেসি সিং, মিলিন্দ কুমার, নিসর্গ প্যাটেল, নীতিশ কুমার, নসথুশ কেনজিগে, সৌরভ নেত্রভালকার, শেডলি ভ্যান, স্টিভেন টেইলর ও শায়ান জাহাঙ্গীর।