ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ইনজুরিতে পড়লেন পাকিস্তানের তারকা পেসার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:০৮, ৬ জুন ২০২৪
ইনজুরিতে পড়লেন পাকিস্তানের তারকা পেসার
ফাইল ছবি

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে চলমান টি-২০ বিশ্বকাপ শুরু হয়েছে মাত্র চারদিন হলো। আজ প্রথমবারের মতো মাঠে নামবে ২০২২ টি-২০ বিশ্বকাপের রানার্সআপ পাকিস্তান। যেখানে মেন ইন গ্রিনদের প্রতিপক্ষ স্বাগতিক যুক্তরাষ্ট্র।

এরই মধ্যে স্ট্রেইন ইনজুরিতে পড়ে ছিটকে গিয়েছেন কিছুদিন আগে অবসর ভেঙে ফেরা অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। এবার আরেক দুঃসংবাদ পেল পাকিস্তান। ইনজুরিতে পড়েছেন ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজ থেকে বাদ পড়া তারকা পেসার হাসান আলী।

এই মুহূর্তে ইংল্যান্ডের টি-২০ ব্লাস্ট প্রতিযোগিতায় ওয়ারউইকশায়ারের হয়ে খেলছেন হাসান। সেখানে খেলতে গিয়ে চোটে পড়েছেন তিনি। যদিও তিনি বিশ্বকাপ দলের সদস্য নন। খবরটি জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

Advertisement

বারবার একই কারণে ইনজুরিতে পড়ছেন হাসান আলী। তাই প্রশ্ন উঠছে, আর কবে সেই ভুল থেকে শিক্ষা নেবেন তিনি। প্রতিটি বোলারই উইকেট পাওয়ার পর বিভিন্নভাবে সেলিব্রেশন করে। তেমনি উদযাপন করেন হাসানও। 

ক্রিকেটবিশ্বে বিখ্যাত হাসানের ‘জেনারেটর’ সেলিব্রেশন। নীচু হয়ে জেনারেটর চালানোর মতো করে ভঙ্গি করায় এই সেলিব্রেশনের এমন নাম দেয়া হয়েছে। অতীতে পাকিস্তান জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে এভাবেই কাঁধে চোট পান হাসান।

এবার কাউন্টিতে খেলতে গিয়েও একই পরিস্থিতির মুখে পড়তে হয়েছে। সম্প্রতি এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, গত মঙ্গলবারের ম্যাচে নটিংহ্যামশায়ারের অলি স্টোনসকে আউট করার পরেই লাফিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে যান হাসান। সঙ্গে সঙ্গে বুকে হাত দিয়ে হাঁটু মুড়ে মাটিতে বসে পড়েন। সতীর্থরা এসে তাকে সুস্থ করার চেষ্টা করেন।

২০১৮ সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে রায়ান মারের উইকেট নিতে গিয়েও একই অবস্থায় পড়েছিলেন হাসান। সেবার কাঁধে চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতে হয়েছিল তাকে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!