ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিশ্বকাপে অনন্য রেকর্ড এই ‘বুড়ো’ ক্রিকেটারের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:১২, ৬ জুন ২০২৪
বিশ্বকাপে অনন্য রেকর্ড এই ‘বুড়ো’ ক্রিকেটারের
ছবি- সংগৃহীত

নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলছে উগান্ডা। যেখানে নিজেদের দ্বিতীয় ম্যাচেই জয়ের দেখা পেয়েছে আফ্রিকার দেশটি। দলের জয়ের দিনে বল হাতে অনন্য রেকর্ড গড়েছেন উগান্ডার ৪৩ বছর বয়সী ক্রিকেটার ফ্রাঙ্ক এনসুবুগা।

বৃহস্পতিবার গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে টস জিতে পাপুয়া নিউগিনিকে (পিএনজি) ব্যাটিংয়ে পাঠায় উগান্ডা। আগে ব্যাট করতে নেমে ইনিংসের ৫ বল থাকতেই ৭৭ রানে অলআউট হয়ে যায় পিএনজি। জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেটের জয় পায় উগান্ডা। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে এটি তাদের প্রথম জয়।

নিউগিনির ইনিংসের নবম ওভারে বোলিংয়ে আসেন ফ্রাঙ্ক এনসুবুগা। ওভারটিতে মাত্র ২ রান খরচা করেন তিনি। এরপর ১১তম ওভারে বল করতে এসে কোনো রান না দিয়ে চার্লস আমিনির উইকেট তুলে নেন ডানহাতি এই অফস্পিনার।

Advertisement

ইনিংসের ১৩তম ও নিজের তৃতীয় ওভারে বল এসে নিউগিনির হিরি হিরিকে লেগ বিফোরের ফাঁদে (এলবিডব্লিউ) করেন এনসুবুগা। সেই ওভারটিও মেইডেন নেন তিনি। ব্যাক-টু-ব্যাক বোলিংয়ে এসে নিজের শেষ ওভারে ২ রান খরচা করেন এই অফস্পিনার।

টি-২০ বিশ্বকাপে এর আগে কিপটে বোলিংয়ের যে রেকর্ডটি ছিল, সেটিও এই বিশ্বকাপেই। গত সোমবার ডি-গ্রুপের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ৭ রান খরচা করে ৪ উইকেট শিকার করেছিলেন দক্ষিণ আফ্রিকার পেসার আনরিখ নরকিয়া। তিন দিন না যেতেই নরকিয়ার সেই রেকর্ডটি ভেঙে দিলেন ৪৩ বছর বয়সি এনসুবুগা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: উগান্ডা
লিংক সফলভাবে কপি হয়েছে!