বৃহস্পতিবার ডালাসে বিশ্বকাপের ১১তম ম্যাচে ৭ উইকেটে ১৫৯ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে যুক্তরাষ্ট্রের সমীকরণটা শেষ ওভারে এসে দাঁড়ায় ১৫ রানে। শেষ বলে জিততে যুক্তরাষ্ট্রের দরকার ছিল ৫ রান। পাকিস্তানের পেসার হারিস রউফের করা সেই বলে স্ট্রাইকে থাকা নিতীশ কুমার চার মারলে ম্যাচ যায় সুপার ওভারে। আর সেখানেই কপাল পুড়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের।
ম্যাচ হেরে পাওয়ারপ্লেতে বাজে ব্যাটিংকেই দুষছেন অধিনায়ক বাবর আজম। বোলিংয়েও তার দল প্রথম ৬ ওভারে ভালো করতে পারেনি, মনে করছেন বাবর।
.png)
ম্যাচ হেরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘প্রথম ৬ ওভারে আমরা সেভাবে মানিয়ে নিতে পারিনি। একটার পর একটা উইকেট যাওয়াতে আমরা পিছিয়ে পড়ছিলাম। ব্যাটার হিসেবে জুটি গড়তে আপনাকে এগিয়ে আসতে হবে। আমরা বোলিংয়ে প্রথম ৬ ওভার খারাপ করেছি। আমাদের স্পিনাররাও উইকেট নিতে পারেনি।’
দলের সমালোচনা করলেও যুক্তরাষ্ট্রের প্রশংসা করতে ভুলেননি বাবর, ‘যুক্তরাষ্ট্রকে কৃতিত্ব দিতেই হয়। তারা তিনটি বিভাগেই আমাদের পরাস্ত করেছে। পিচে শুরুতে কিছুটা সুইং ছিল, তবে পেশাদার ক্রিকেটার হিসেবে এটি আপনাকে মানিয়ে নিতে হবে।’