গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৫৯ রান করে আফগানিস্তান। জবাবে ১৫.২ ওভারে মাত্র ৭৫ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। আফগানদের জয় ৮৪ রানে।
রান তাড়া করতে নেমে প্রথম বলেই বোল্ড হন ফিন অ্যালেন। এরপর কখনোই ম্যাচে জয়ের অবস্থায় ছিল না নিউজিল্যান্ড। কিউইদের মাত্র দুজন ব্যাটার দুই অঙ্কের ঘরে যেতে পারেন। ডাক মারেন দুজন।
.png)
কিউইদের হয়ে সর্বোচ্চ ১৮ রান করেন গ্লেন ফিলিপস। ম্যাট হেনরির ব্যাট থেকে আসে ১৪ রান। ব্ল্যাকক্যাপসদের গুঁড়িয়ে দেওয়ার ম্যাচে চারটি করে উইকেট শিকার করেন ফজল হক ফারুকি ও রশিদ খান। বাকি ২ উইকেট নেন মোহাম্মদ নবী।
এর আগে এদিন টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। শুরুতা ধীরে হলেও আস্তে আস্তে রানের গতি বাড়াতে থাকেন দুই আফগান ওপেনার ইব্রাহিম জাদরান ও রহমানউল্লাহ গুরবাজ।
উদ্বোধনী জুটিতে ১০৩ রান যোগ করেন জাদরান ও গুরবাজ। ব্যক্তিগত ৪৪ রানে ম্যাট হেনরির বলে জাদরান বোল্ড হলে ভাঙে এ জুটি। সঙ্গী না পারলেও অনবদ্য এক ফিফটি তুলে নেন গুরবাজ। দলের পক্ষে সর্বোচ্চ ৮০ রান করেন তিনি।
এরপর তিনে নামা আজমতউল্লাহ ওমরজাই ২২ রান করেন। আর কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। নিউজিল্যান্ডের হয়ে ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি দুটি এবং লকি ফার্গুসন একটি উইকেট শিকার করেন।