বিশ্বকাপে টাইগারদের স্পিন বোলিং কোচের দায়িত্বে ছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার মুশতাক আহমেদ। ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, মুশতাক আহমেদকে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইসিবি।
চলতি মাসে শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে সিরিজ দিয়ে ইংল্যান্ড যুবদলের হয়ে কাজ শুরু করবেন মুশতাক। এদিকে সোমবার (০৮ জুলাই) বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানান, আগে থেকেই ইংল্যান্ডসহ আরো কিছু চুক্তি করা ছিলো মুশতাক আহমেদের।
.png)
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আগে থেকেই তার কিছু চুক্তি করা ছিল। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডসহ এর বাইরে আরো কিছু চুক্তি তার করা আছে। মুশতাকের সঙ্গে আজকেও কথা হয়েছে। উনার ডিসেম্বর পর্যন্ত আগের কিছু চুক্তি করা আছে।’
বাংলাদেশ দলের স্পিন কোচ হিসেবে মুশতাককে পাওয়া প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘আমরা তার ব্যাপারে আগ্রহী। যেহেতু তার দিক থেকেও ইতিবাচক সাড়া পাচ্ছি, আমরা আপাতত তাকেই বিবেচনা করছি। তার সঙ্গে আমাদের দীর্ঘমেয়াদি চুক্তির ব্যাপারেও কথা হচ্ছে।’