কয়েক সপ্তাহ জুড়ে দুনিয়ার সেরা ফুটবলারদের দুনিয়ার দুই প্রান্তে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই দেখার পর দুই প্রতিযোগিতার মধ্যে তুলনা আসতেই পারে। কোপা নাকি ইউরো কোন মহাদেশীয় টুর্নামেন্ট সেরা, এ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
বিশ্ব ফুটবলের সবচেয়ে পুরনো টুর্নামেন্ট কোপা আমেরিকা। তবে যাত্রা পরে শুরু হলেও জমজমাট টুর্নামেন্টের জন্য ফুটবলপ্রেমীদের মণিকোঠায় জায়গা পেয়েছে ইউরোর লড়াইও। চলুন একনজরে দেখে নেয়া যাক দুই মহাদেশীয় টুর্নামেন্টের মধ্যে কে কার চেয়ে এগিয়ে?
.png)
খেলার ধরনে বৈচিত্র্যতা
ইউরো ও কোপার খেলার শৈলী নিয়ে সবচেয়ে বড় যে পার্থক্য চোখে পড়ে তা হচ্ছে পাস দেওয়ার ধরন। ইউরোতে যেখানে প্রায় সব দল পাস নির্ভর, দ্রুত বেগে অদলবদল করে খেলতে চায়, কোপাতে সেরকম না। একটা উদাহরণ দেই, ইউরোয় ইতালি বনাম আলবেনিয়ার খেলায় প্রতি মিনিটে গড়ে ১২.২টা করে পাস দেয়া হয়েছে। অন্যদিকে কোপার ইকুয়েডর বনাম জ্যামাইকার খেলায় প্রতি মিনিটে এই সংখ্যা ছিল মাত্র ৬.১। ইতালির ৮০৯ টা পাসের বিপরীতে আলবেনিয়ার ৩৭২। অন্যদিকে কোপার দুইদল ইকুয়েডর আর জ্যামাইকার যথাক্রমে ২৭৫ ও ৩৩২।
ফুটবলের অন্যতম সেরা লেখক এদুয়ার্দো গালিয়ানো বলতেন, একেকটা দেশ বা সংস্কৃতির ছাপ তাঁর ফুটবল খেলায় ফুটে উঠে।
দুই ভিন্ন কন্ডিশন
মহাদেশীয় এ দুই টুর্নামেন্টে কন্ডিশনও বড় ভূমিকা রাখে। জার্মানীর তুলনায় যুক্তরাষ্ট্রের অধিকাংশ এলাকায় গরম ও আদ্রতা বেশি। ফলে খেলোয়াড়রা অফ দ্যা বল রান কম করতে চান। এই কারণেই বল ক্যারি করার হারও বেশি।
অন্যদিকে কন্ডিশনের কারণে কোপায় আলগা ট্যাকল করা, ফাউলের হার বেশী। আবার, ইউরোতে ট্যাকটিকাল ফাউল বেশি হয়। বেশিরভাগ দল পজিশন বেজড খেলতে চায়, এই কারণে খেলার গতি স্লথ হয়ে যায়। অপরদিকে কোপায় এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দ্রুত বলের অবস্থানের পরিবর্তন হয়, এই এন্ড টু এন্ড গেমে গতি বেশী থাকলেও ভুলের পরিমাণও বাড়ে।
গোল আদায়ে বড় তারতম্য
গোলের ধরনেও বড়সড় পার্থক্য চোখে পড়ে দুই টুর্নামেন্টে। কোপায় বড় অংশের গোল হয় কাছের দূরত্ব থেকে অন্যদিকে ইউরোতে বক্সের বাইরে থেকে গোলের সংখ্যা তুলনামূলক বেশী চোখে পড়ে। ইউরোর দলগুলোর রক্ষণ জমাট হওয়ায় এই ব্যাপারটা ঘটে। এর সঙ্গে গত দুই আসরে যুক্ত হয়েছে আত্মঘাতী গোলের স্রোত। ইউরোর চলতি এবং সর্বশেষ আসর মিলিয়ে ২১টা আত্মঘাতী গোল হয়েছে। টানা দুই আসরে আত্মঘাতী গোলই অনেক ব্যবধানে সর্বোচ্চ গোলদাতা। এর একটা বড় কারণ সম্ভবত গোলমুখে রক্ষণের বেশি খেলোয়াড় থাকা এবং দূর থেকে শট নেয়ার প্রবণতা। এতে ডিফ্লেকশনের হার বাড়ে।
মাঠের আয়তন, ফুটবলারদের শৈলী ও সমর্থকদের উন্মাদনা
মহাদেশীয় টুর্নামেন্ট দুইটির তুলনা করাটা আকর্ষণীয় হলেও, কিছু বিচারে এই তুলনা একদমই যুতসই না। প্রথমত, খেলার কন্ডিশন। জার্মানীর মাঠগুলো যেখানে ছিলো আদর্শ মাঠের উদাহরণ, যুক্তরাষ্ট্রের মাঠগুলো মোটেই সেরকম না। এবড়োথেবড়ো, ঘাসের পরিমাণে অসাম্য, ঠিকঠাকমত পানি না দেওয়া এগুলো কোপার মাঠগুলোকে ভালো ফুটবল খেলার পরিস্থিতি দেয়নি। প্রায় সব কোচই এই নিয়ে অভিযোগ করেছেন।
আরেকটা বড় ব্যাপার হচ্ছে মাঠের আকৃতি। জার্মানীর মাঠগুলো ফিফার বেঁধে দেওয়া ১০৫/৬৮ মিটার আয়তন বা এর বেশী। অন্যদিকে কোপার আয়োজক কনমেবলের নূন্যতম মাত্রা ১০০/৬৪ মিটার। মাঠ ছোট হওয়ায় দলগুলো পজিশন বেজড এবং শারীরিক ফুটবল খেলতে ব্যর্থ হয়, যা ইউরোপ তথা দুনিয়ার উন্নত ফুটবল দলগুলো খেলে।
উন্নত এই অর্থে, কারণ ল্যাটিন দলগুলোর সেরা খেলোয়াড়রাও ইউরোপিয়ান লীগেই খেলে। একদম ছোটবেলা থেকেই তারা ইউরোপীয় শৈলী, আধুনিক কৌশলের সঙ্গে পরিচিত হয়। ইউরো আর কোপাতে এও এক বড় পার্থক্য গড়ে দেয়। ইউরোতে খেলা বেশিরভাগ খেলোয়াড় পরস্পরকে খুব কাছ থেকে সারাবছর ফুটবল খেলতে দেখে বলে নিজেদের বোঝাপড়া ভালো হয়।
অন্যদিকে কোপার দলগুলোর ইউরোপে খেলা বড় তারকা ও স্থানীয় খেলোয়াড়দের এই নিয়ে দূরত্ব থাকে। সবসময় তা ঘোচানো যায় না। কোপার আরেকটা অসুবিধার কথা না বললেই না। নিরাপত্তা। কলম্বিয়া বনাম উরুগুয়ের সেমিফাইনালে যে ন্যক্কারজনক মারামারি দেখা গেলো তা ইউরোতে হবার সুযোগ নাই। যেই ইউরোপে একসময় হেইসেলের মতো মর্মান্তিক ঘটনা ঘটেছিলো, সে ইউরোপ এখন দর্শক নিরাপত্তায় বিন্দুমাত্র ছাড় দেয় না। আর দর্শকেরা খেলোয়াড়দের সঙ্গে মারামারি করবে তা ভাবাই যায় না।
অর্থের ঝনঝনানি
সব ছাপিয়ে বড় পার্থক্য তো অবশ্যই টাকাপয়সা। চলতি আসরে ইউরোর প্রাইজমানি ৩৬ কোটি ডলার অন্যদিকে কোপায় মাত্র ৭ কোটি ২০ লক্ষ। এই পার্থক্য কেবল এই টুর্নামেন্টে নয়, দুই মহাদেশের সার্বিক ফুটবলেই।
সমাজবিজ্ঞানী নরবার্ট এলিয়াস বিশদে দেখিয়েছেন কিভাবে খেলাধুলা তথাকথিত সভ্যতা ও রাষ্ট্র গঠন করে এবং এদের চরিত্রে ছাপ রেখে যায়। একেকটা অঞ্চলের ভূগোল, পরিবেশ, খাদ্যভাস, সংস্কৃতি, যুদ্ধের ইতিহাসসহ নানা বিষয় ফুটবলের শৈলী নির্মাণ করে বলে প্রমাণ হচ্ছে। এর ফলে, ফুটবল মূলত মানববীক্ষণ হতে পারে।
২০১৮ সালে কনমেবল তাদের ক্লাব ফুটবলের আসরগুলোর সত্ত্ব বিক্রি করে প্রতি বছরের জন্য ৩৫ কোটি ডলার। অন্যদিকে উয়েফায় এই পরিমান ছিলো ২৭৫ কোটি (প্রায় আটগুণ)। ইউরোপে লোকসংখ্যা বেশি, তবুও জনপ্রতি হিসাব করলেও এই পরিমাণ চারগুণ। ২০১৫ সালে ব্রাজিলের লীগের বিদেশী টিভি সত্ত্ব বিক্রি হয় ৩.৭ কোটি ডলারে। ইংল্যান্ডের প্রিমিয়ার লীগের একটা খেলা এর চেয়ে বেশী আয় করতে পারে। ব্রাজিল ও আর্জেন্টিনা বাদ দিলে বাকি দেশগুলোর মোট ফুটবল অর্থনীতি ইউরোপের একটা মাঝারি ক্লাবের বাজেটের সমান। ইউরোপের ফুটবল অর্থনীতি বহু আগেই ২৫০০ কোটি ডলার ছাড়ালেও দক্ষিণ আমেরিকায় তা ৫ বিলিয়নও স্পর্শ করেনি।
ফুটবলার রফতানি
ল্যাটিন আমেরিকা আর আফ্রিকার দেশগুলো ইদানীং ফুটবলের বড় রফতানিকারক হয়ে উঠেছে। এটা সত্যি যে, হাজার হাজার খেলোয়াড়ের হাতে গোণা কয়েকজন ইউরোপে সফলতা পায়, মিলিয়ন ডলারে উপার্জন করে। কিন্তু, ইউরোপের নিম্ন স্তরে ফুটবল খেলাটাও আর্থিক দিক দিয়ে এদের জন্য দেশে থাকার চেয়ে শ্রেয়। এমনকি নিরাপত্তার দিক দিয়েও। যেই আশায় গ্লোবাল সাউথ থেকে লাখো লাখো তরুণ গ্লোবাল নর্থে পাড়ি জমাতে চায়, ফুটবলাররাও এর ব্যতিক্রম না। এক গ্রাম হলেও পৃথিবী যেন দুইটা ভিন্ন মেরু। পুঁজিবাদী বিশ্বায়নে এই পার্থক্য আরো বাড়বে।
আর্জেন্টিনা আর ব্রাজিলের সেরা খেলোয়াড়রা ক্লাবে খেলে যেই উপার্জন করে কোপা জিতলেও এর সমান পাবে না। ফলে সন্দেহ থাকে, এরা পা বাঁচিয়ে খেলতে চাইবে। ক্লাবগুলোরও এমনটাই নির্দেশনা থাকে, অন্তত গোপনে। তবে, সেই নির্দেশনা না থাকলেও খেলোয়াড়দের পক্ষে সেরাটা দেয়া কঠিন।
টাকার কারণে ক্লাব ফুটবলই এখন ফুটবল বিশ্বের ভরকেন্দ্র। কেবল গ্লোবাল সাউথ না, ইউরোপের খেলোয়াড়দের কাছেও ক্লাবে খেলাই ধ্যানজ্ঞান,রুটি রুজি। ফলে, সারাবছর তারা শেষ বিন্দু দিয়ে চেষ্টা করে। আগস্টে শুরু হওয়া মৌসুম যখন মে মাসে গিয়ে শেষ হয়, খেলোয়াড়দের আর দম থাকে না। কোপা কিংবা ইউরোর উদ্যমও এই দমকে পুরোপুরি জাগাতে পারে না। আবার আসছে ক্লাব মৌসুমের জন্য শক্তি সঞ্চয় রাখাও জরুরী।
তবু একবিন্দুতে মিলে যায় ফুটবল
সব মিলিয়ে, ইউরো আর কোপা, দুইটাই যেন দুনিয়ার সেরা অথচ ক্লান্ত ফুটবলারদের আসর। সন্দেহ নাই তারা সেরাটাই হয়তো দিতে চায়, কিন্তু ফুটবল বাণিজ্যে শক্তি শুষে নেয়া এই খেলোয়াড়দের অসহায়ত্ব একটু খেয়াল করলেই দেখা যায়। শো মাস্ট গো অন মন্ত্রে, শো এর মান নিয়ে কেই বা মাথা ঘামায়। এই এক বিচারে অন্তত কোপা আর ইউরো এক বিন্দুতে মিলে যায়।